মতলবে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘ফরাজীকান্দি নেদায়ে ইসলাম’ নামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত মঙ্গলবার রাত আটটায় ওই আদেশ জারি করে উপজেলা প্রশাসন। আগামী শুক্রবার পর্যন্ত তা বলবৎ থাকবে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে সেখানকার মাঠে গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানকার পীর আল্লামা শায়খ মুহাম্মদ বোরহানুদ্দীন উয়েসী (রা.)–এর মৃত্যুর পর তাঁর বড় ছেলে আল্লামা শায়খ মানজুর আহমদ উয়েসী (রা.) ওই প্রতিষ্ঠান ও বার্ষিক ওরস পরিচালনা করতেন।

২০১৪ সালে তিনি (মানজুর) মারা যাওয়ার পর ওই প্রতিষ্ঠান ও বার্ষিক ওরস পরিচালনার নিয়ন্ত্রণ নিয়ে তাঁর ছেলে মাসউদ আহমদ ও ছোট ভাই মোস্তাক আহমদের মধ্যে বিরোধ বাধে। এতে জড়িয়ে পড়েন তাঁদের অনুসারীরাও। ওই বছর ঈদের নামাজের ইমামতি করাকে কেন্দ্র করে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক মুসল্লি মারা যান।

ওই সূত্র জানায়, এবারের ওরস পরিচালনা নিয়ে গত মঙ্গলবার সকাল থেকে মাসউদ আহমদ ও তাঁর চাচা মোস্তাক আহমদের মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করে। বিষয়টি মীমাংসার লক্ষ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে সভা হয়। স্থানীয় প্রশাসন ওই সভার আয়োজন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহমদের সভাপতিত্বে ওই সভায় ‘নেদায়ে ইসলাম’–এর কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা শমসের আলী, মেজর জেনারেল (অব.) এহতেশাম হায়দার, ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম ও থানার ওসি আলমগীর হোসেন মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। কিন্তু দুই পক্ষের মধ্যে সমঝোতা ছাড়াই সভা শেষ হয়।

মাসউদ আহমদ বলেন, তাঁর বাবার মৃত্যুর পর ওরসসহ সবকিছু পরিচালনার দায়িত্ব তাঁর। কিন্তু এসব থেকে তিনি বঞ্চিত। অন্যদিকে তাঁর চাচা মোস্তাক আহমদও দাবি করেন, সবকিছু পরিচালনার তিনিই বৈধ দাবিদার।

ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, শান্তিভঙ্গ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় ওই এলাকায় মাইকিং করে মঙ্গলবার রাত আটটা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আগামী শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।