মতলবে ১৬ দিনে চিকিৎসা নিয়েছে আড়াই হাজার শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চাঁদপুর ও আশপাশের জেলাগুলোয় ব্যাপক হারে রোটা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ কারণে এ ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে প্রচুর শিশু। গত ১৮ ডিসেম্বর থেকে গতকাল সোমবার পর্যন্ত ১৬ দিনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ২ হাজার ৬০০ শিশু চিকিৎসা নিয়েছে।
আইসিডিডিআরবির মতলব হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৬ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন ১৬৩ শিশু হাসপাতালে ভর্তি হয়। এই শিশুদের অনেককেই সাময়িক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে যাদের অবস্থা বেশি গুরুতর, তাদের এক দিনের বেশি সময় ভর্তি রাখা হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে নবজাতক থেকে দুই বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় দুই হাজার। বাকিদের বয়স ২ থেকে ১৫ বছর বা তার বেশি।
আইসিডিডিআরবির যোগাযোগ শাখা জানিয়েছে, সধারণত বছরের অন্য সময় প্রতিদিন গড়ে ৫০ শিশুকে চিকিৎসা দেওয়া হয় এই হাসপাতালে। ৭০ শয্যার হাসপাতালটিতে সংকটকালীন ১৭০ জন রোগীকে ভর্তি করে চিকিৎসা দেওয়া যায়। তাদের সেই সরঞ্জাম ও লোকবল রয়েছে।
আইসিডিডিআরবির মতলব হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম। তীব্র শীতে শিশুরা ব্যাপক হারে শীতকালীন ডায়রিয়া বা রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ময়লা ও বাসি খাবার খাওয়া এবং দূষিত পানি পান এ রোগের মূল কারণ। আক্রান্ত নবজাতক থেকে ছয় মাস বয়সী বাচ্চাদের খাবার স্যালাইন ও মায়ের বুকের দুধ দেওয়া হচ্ছে। সাত মাস থেকে দুই বছর বয়সী শিশুদের খাবার স্যালাইন, বেবিজিংক ও মায়ের বুকের দুধ খেতে দেওয়া হচ্ছে। দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের খেতে দেওয়া হচ্ছে স্যালাইন, বেবিজিংক ও সুজি, খিচুড়ি, পাকা কলা, ভাতের মাড়, ডাব ও চিড়ার পানি।
চন্দ্রশেখর দাস আরও বলেন, বারবার পানির মতো তরল পায়খানা ও ঘন ঘন বমি হলে রোগীকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে। ময়লা ও খোলা খাবার বর্জন এবং বিশুদ্ধ পানি পান করলে রোটা ভাইরাসের সংক্রমণ এড়ানো সম্ভব। এ ছাড়া শিশুদের যাতে ঠান্ডা না লাগে, সেদিকেও খেয়াল রাখতে হবে।