মতলবে ২০টি বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে ২৫টি। এর মধ্যে ২০টিতেই দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের একজন শিক্ষকও নেই। অন্য বিষয়ের শিক্ষকেরা ইংরেজির পাঠদান করেন। এতে শিক্ষার্থীরা মানসম্মত ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ২০টি বিদ্যালয়ে অন্তত ১২ হাজার শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়গুলোতে আট-দশ বছর ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজিমউদ্দিন প্রথম আলোকে বলেন, মাধ্যমিক পর্যায়ে ইংরেজির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ইংরেজিতে স্নাতক (সম্মান) কিংবা স্নাতক (পাস) পর্যায়ে ৩০০ নম্বরের ঐচ্ছিক ইংরেজি থাকার বিধান রয়েছে। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ তা মানে না। অন্য বিষয় থেকে শিক্ষক নিয়োগ দিয়ে ইংরেজি শিক্ষকের কোটা পূরণ করা হয়। এসব শিক্ষককে ইংরেজির শিক্ষক বানিয়ে চলে পাঠদান। সমাজবিজ্ঞান, বাংলা বা অন্য বিষয়ের শিক্ষকেরা ‘ইংরেজি শিক্ষক’ হিসেবে পরিচিতি লাভ করেন।বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহসিন মৃধা বলেন, ইংরেজির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ৩০০ নম্বরের ইংরেজি কিংবা ইংরেজিতে স্নাতক (সম্মান) পাস প্রার্থী পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে অন্য বিষয়ে পড়াশোনা করে আসা প্রার্থীদের নিয়োগ দিয়ে ইংরেজি শিক্ষকের কোটা পূরণ করতে হয়। দগরপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বিশ্বজিৎ অধিকারী বলে, ‘আমাদের স্কুলে যেই স্যারেরা ইংরেজি পড়ান, তাঁদের পড়া তেমন বুঝি না। এ জন্য আমরা বেশির ভাগই ইংরেজিতে কাঁচা।’ কালিকাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন বলেন, ‘আমার বিদ্যালয়ে ৪৯০ জন শিক্ষার্থীর জন্য একজন ইংরেজি শিক্ষকও নেই। খণ্ডকালীন তিনজন শিক্ষক দিয়ে চলছে ইংরেজির পাঠ। এতে শিক্ষার্থীরা ইংরেজিতে পিছিয়ে পড়ছে। গত কয়েক বছর জেএসসি-এসএসসি পরীক্ষায় ইংরেজিতে অধিকাংশ পরীক্ষার্থীই ভালো নম্বর পায়নি।’ জেলা শিক্ষা কর্মকর্তা সফি আহমেদ বলেন, সরকারি বিধি অনুযায়ী যোগ্য ইংরেজির শিক্ষক পাওয়া যায় না। তবে যাঁরা এখন ইংরেজি পড়াচ্ছেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে মান উন্নয়নের চেষ্টা চলছে।