মতলবে ৫১ প্রার্থীর ৪৯ জনেরই কোনো ঋণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫১ প্রার্থীর মধ্যে ৪৯ জনেরই ঋণ নেই। মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল আজিজ বলেন, সবগুলো পদে ৮০ শতাংশের বেশি প্রার্থী ব্যবসায়ী। অথচ হলফনামায় প্রায় সবাই ঋণের কথা উল্লেখ করেননি।
হলফনামা ঘেঁটে দেখা গেছে, প্রার্থীদের মধ্যে একজন মেয়র ও একজন কাউন্সিলর প্রার্থীর ঋণ রয়েছে। মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাসুদ মিয়াজীর ২০ হাজার এবং কাউন্সিলর পদে ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জাকির হোসেন প্রধানের স্থানীয় অগ্রণী ব্যাংকে ৪০ লাখ টাকার ঋণ রয়েছে।