মতলবের দুই উপজেলায় জিপিএ-৫ পাননি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষায় চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

বিভিন্ন কলেজ ও সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণ উপজেলার পাঁচটি বেসরকারি কলেজ থেকে এবার ১ হাজার ১১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেন ৪৮৩ জন। অকৃতকার্য হয় ৬৩৬ জন। পাসের হার ৪৩ দশমিক ১৬ শতাংশ। একজন শিক্ষার্থীও জিপিএ-৫ পাননি।

এদিকে মতলব উত্তর উপজেলায় ১১টি বেসরকারি কলেজ থেকে এবার ১ হাজার ৬১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয়। এর মধ্যে উত্তীর্ণ হন ৭৭৭ জন। ৮৩৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। পাসের হার ৪৮ দশমিক ২৩ শতাংশ। ওই আট কলেজ থেকে কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পাননি। গত বছরের এইচএসসি পরীক্ষায় ওই দুই উপজেলা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

মতলব দক্ষিণ উপজেলা সদরের কলেজ রোড এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেন ও মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের বাসিন্দা মো. মুক্তার আহমেদ বলেন, এবারের এইচএসসিতে দুই উপজেলায় একজন পরীক্ষার্থীও জিপিএ-৫ পাননি। এটি দুঃখজনক। এখানকার শিক্ষার মান যেভাবে দিন দিন নিচের দিকে যাচ্ছে, তা উদ্বেগজনক। স্থানীয় প্রশাসন, শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের এ ব্যাপারে আন্তরিক হওয়া দরকার।

মতলব দক্ষিণের মতলব ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক তৌহিদুল আলম বলেন, কয়েক বছর আগেও দুই উপজেলায় বেশ কিছু শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। মূলত শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষকদের আন্তরিকতার অভাব, নিয়মিত বাড়ির কাজ (হোমওয়ার্ক) দেওয়া ও আদায় না করা এবং শিক্ষার্থীদের মনোযোগের অভাবে ভালো ফল হচ্ছে না। এ ছাড়া অভিভাবকেরাও সন্তানদের লেখাপড়ার ব্যাপারে তেমন খোঁজখবর রাখেন না। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিক হলে ভালো কিছু করা সম্ভব।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম ও মতলব উত্তরের ইউএনও শারমিন আক্তার বলেন, শিক্ষার গুণগত মান ও ভালো ফলের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে জিপিএ-৫ পান, সে ব্যাপারে করণীয় নির্ধারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সভা করা হবে।