মতলবের বাজারগুলোতে ইলিশের আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশ ধরার মৌসুম শুরুর দুই সপ্তাহের বেশি সময় পার হলেও চাঁদপুরের মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার বাজারগুলোয় ইলিশের দেখা নেই। গত নভেম্বর থেকে মেঘনায় ব্যাপক হারে জাটকা নিধনের কারণে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ।
সম্প্রতি মতলব উত্তরের ছেংগারচর, মোহনপুর, একলাশপুর, আমিরাবাদ বাজার এবং মতলব দক্ষিণের মতলব সদর, মুন্সীরহাট, নারায়ণপুর, মাছুয়াখালসহ আরও কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কোনো মাছ বিক্রেতার কাছেই ইলিশ নেই। মাছের আড়তগুলোও ইলিশশূন্য। মতলব সদর বাজারের মাছ বিক্রেতা পবিত্র চন্দ্র বলেন, ‘নদীতে ইলিশ পাইতাছে না জেলেরা। এলিগা বাজারেও ইলিশ নাই। অন্য বছর এ সময় বাজারে প্রচুর ইলিশ আসত। এবার উল্টো চিত্র।’
মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকার জেলে বিমল চন্দ্র বলেন, ‘১৫ দিন ধইরা মেঘনায় জাল ফালাইতাছি। একটা ইলিশও জালে আটকায় নাই। গত বছর এ সুম ম্যালা ইলিশ পাইছিলাম। এবার হুদা।’
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ইলিশ রক্ষ কর্মসূচিতে গত বছরের নভেম্বর থেকে এ বছরের জুন পর্যন্ত মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনার ৬০ কিলোমিটার এলাকায় জাটকা ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য অধিদপ্তর। এ ছাড়া গত বছরের ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত নদীতে মা মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।
মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলেরা প্রতিদিন বিপুল পরিমাণ জাটকা নিধন করছেন। এতে নদীতে ইলিশের সংখ্যা কমে গেছে। এ জন্যই বাজারে ইলিশের এত আকাল।