মতলবের সেই ইউপির কার্যক্রম আবার শুরু
পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ৯ ডিসেম্বর পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং স্থানীয় সূত্র জানায়, গত ৩০ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় এ ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করে গেজেট প্রকাশ করে। কিন্তু পৌরসভার বৈধতা চ্যালেঞ্জ করে ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার হাইকোর্টে রিট আবেদন করেন। এতে ১৪ জুলাই থেকে পৌরসভার কার্যক্রমের ওপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ দেন আদালত।
এদিকে পৌরসভার ভিত্তিপ্রস্তর ভাঙার অভিযোগে উপজেলার পয়ালী গ্রামের লোকমান মিজি নামের এক ব্যক্তি ৮ আগস্ট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন।
এ পর্যায়ে ইউপি চেয়ারম্যান জহিরুল আত্মগোপন করেন। মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান না থাকায় তখন থেকে বন্ধ হয়ে যায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম। এ পরিস্থিতিতে ৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে এক সভায় পরিষদের সংরক্ষিত আসনের সদস্য জাহানারা বেগম, সাধারণ সদস্য আবদুস ছাত্তার খন্দকার ও মইনউদ্দিন প্রধানকে যথাক্রমে ১, ২ ও ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ওই দিন থেকেই শুরু হয় পরিষদের কার্যক্রম।
প্যানেল চেয়ারম্যান জাহানারা বেগম বলেন, ‘নির্বাচিত চেয়ারম্যান দায়িত্বে ফিরে না আসা পর্যন্ত কাজ চালিয়ে যাব। এরই মধ্যে পরিষদের কার্যক্রম চালু হয়েছে।’
ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের বাসিন্দা আবু ছায়েম বলেন, অনেক দিন পর কার্যক্রম শুরু হওয়ায় ইউনিয়নের ২৪ গ্রামের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ইউএনও সফিকুল ইসলাম বলেন, প্যানেল চেয়ারম্যান করায় পরিষদের কাজকর্মে এখন থেকে আর অসুবিধা হবে না বলে আশা করা হচ্ছে।
গত ২০ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘পৌরসভা বাতিল, চলছে না ইউপি কার্যক্রমও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।