মতলবের ১১ গ্রামে কুকুর-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১১টি গ্রামের লোকজনের মধ্যে কুকুর-আতঙ্ক বিরাজ করছে। গত সোম, মঙ্গল ও গতকাল বুধবার কুকুরের কামড়ে ২২ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবকলস, শীলমন্দি, দারিন্দা রসুলপুর, ঢাকিরগাঁও, চরমুকুন্দি, চরনয়া, ঘোষপাড়া, নিলক্ষ্মী, সর্দারকান্দি, লক্ষ্মীপুর ও বাইশপুর গ্রামে তিন-চার দিন ধরে পাগলা কুকুরের উপদ্রব বেড়েছে।
চরমুকুন্দি গ্রামের মো. শাহাদাত হোসেন ও নবকলস এলাকার হাজেরা বেগম বলেন, কয়েক দিন ধরে তাঁদের এলাকায় পাগলা কুকুরের আনাগোনা বেড়েছে। কুকুর দেখলেই অনেকে দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়। ঘরের বাইরে এলেই এসব কুকুর লোকজনের ওপর আক্রমণ করে। এ কারণে লোকজনের মধ্যে কুকুরের আতঙ্ক বিরাজ করছে। তাঁরা অভিযোগ করেন, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহত হয়ে সেখানে গত সোমবার ১৯ জন চিকিৎসা নিয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার নবকলস গ্রামের শামসুল আরেফীন (৪) ও শীলমন্দির মোফাজ্জল হোসেন (৫০) চিকিৎসা নিয়েছেন। আজ বুধবার নবকলসের হাজেরা বেগম (৬৫) চিকিৎসা নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের প্রতিষেধক (ভ্যাকসিন) দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বলেন, গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। কুকুর নিধন না করার জন্য উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ জন্য কুকুর নিধন করা যাচ্ছে না। বেওয়ারিশ কুকুর শনাক্ত করে সেগুলোকে প্রতিষেধক দেওয়া হবে।
এ বিষয়ে মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন ও দুজন ইউপি চেয়ারম্যান বলেন, কুকুর দমন বা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।