মতলুব আনাম আর নেই
মতলুব আনাম গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি ১৯৩৩ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় কলিকাতা আলিয়া মাদ্রাসায় (ইংলিশ মিডিয়াম) পড়াশোনা করেছেন। পাকিস্তান সৃষ্টির পর ময়মনসিংহে চলে আসেন। আনন্দমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৫৭ সালে তিনি জাপানের ওসাকায় ডেন্টিস্ট্রি পড়তে যান। ছোটবেলা থেকেই তাঁর লেখার অভ্যাস ছিল। বাবার অনুপ্রেরণায় ও ভাই মহবুব আনামের সহযোগিতায় হাতে লেখা আজান পত্রিকা বের করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশ নিয়ে তিনি কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ফাইজার সার্ল, স্মিথ-ক্লাইন অ্যান্ড ফ্রেন্ড, সোশ্যাল মার্কেটিং কোম্পানি প্রভৃতি বৈদেশিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি বিশিষ্ট কলাম লেখক ছিলেন। বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি নিয়মিত সমসাময়িক ঘটনা নিয়ে লিখতেন। মৃত্যুর কয়েক মাস আগে এক-এগার এর রাজনীতি নামে তাঁর একটি বই প্রকাশিত হয়। তিনি উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের তৃতীয় ছেলে এবং বিশিষ্ট সাংবাদিক মহবুব আনামের ছোট ও মাহফুজ আনামের বড় ভাই। তাঁর জানাজা আজ ৮ জুলাই বৃহস্পতিবার বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।