মতামত নেওয়া হবে আরও সাত কর্মদিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫-এর খসড়ার ওপর আরও সাত কর্মদিবস পর্যন্ত মতামত নেবে তথ্য মন্ত্রণালয়। রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার ওপর অংশীজনদের বৈঠকে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সবার মতামতের জন্য উন্মুক্ত রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ২০১৫ সালের ২১ জুলাই।

বৈঠকে সভাপতিত্ব করেন তথ্যসচিব মরতুজা আহমদ। প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আলোচনায় অংশ নেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. মফিজুর রহমান, বিএফইউজে মহাসচিব মো. ওমর ফারুক প্রমুখ।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খান প্রমুখ।