মতামত বাছাই কমিটির, সিদ্ধান্ত কেন্দ্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে গঠিত কমিটি গতকাল শনিবার সম্ভাব্য ছয়জন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে। কমিটির মতামত নিয়ে এখন কেন্দ্র চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
যাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হানিফ উদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল পাঠান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গাজী আকছারুল আলম সরকার, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ আকন্দ ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা।
দলীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। এ ছাড়া কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাংসদ সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী বলেন, রায়গঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহীদের কমিটির বৈঠকে ডাকা হয়। কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্রে নাম পাঠানো হবে। দু-এক দিনের মধ্যেই প্রার্থীর নাম জানা যাবে বলে তিনি জানান।