চট্টগ্রামের খুলশী থানাধীন লালখান বাজারের মতিঝর্না এলাকায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এক নারীসহ চারজন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খুলশী থানায় গতকাল বুধবার রাতে মামলা করার প্রস্তুতি চলছিল। আহত ব্যক্তিরা হলেন, মিজানুর রহমান (৩৫), আবু তাহের (৩২), জাকির (২৮) ও তাজনিন (৩৫)। মঙ্গলবার রাতেই তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। খুলশী থানার পুলিশ জানায়, আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এই হামলা হয়। যুবলীগের ফরিদ গ্রুপের অনুসারীরা মঙ্গলবারের হামলার সঙ্গে জড়িত ছিল। আর হামলার শিকার সবাই ফরিদ গ্রুপের বিরোধী বলে পরিচিত। গতকাল রাতে যোগাযোগ করা হলে খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) আকতারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার একপক্ষ হামলার শিকার হয়। এ ব্যাপারে খুলশী থানায় মামলায় করার প্রস্তুতি চলছে।’