মতিঝিল অভিযানে নিহতদের তালিকা দু-এক দিনের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ব্যক্তির সংখ্যা নিয়ে দু-এক দিনের মধ্যেই মানবাধিকার সংস্থা অধিকার-এর তালিকা প্রকাশ হতে পারে। সংস্থাটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি বাংলা এ খবর দিয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল বুধবার বিবিসি বাংলাকে বলেন, হেফাজতের সমাবেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে কি না, তা খতিয়ে দেখতেই অধিকারের কাছে তালিকা চাওয়া হয়েছে। কিন্তু তারা তালিকা দিতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, ‘বিদেশি বন্ধুরা, যাঁরা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের অনুরোধ করছি, অধিকারের কাছ থেকে তালিকা নিয়ে প্রকাশ করুন, সরকারের কাছে দিন।’
এদিকে অধিকারের পক্ষ থেকে নিহত ব্যক্তির তালিকা প্রকাশের ব্যাপারে জানানো হয়, তারা শুধু আন্তর্জাতিক সংস্থাই নয়, দেশের মানবাধিকার সংস্থাগুলোর কাছেও নিহতের তালিকা দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তাদের দু-এক দিন সময় লাগবে। কারণ, সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যে অনেক কর্মকর্তা কার্যালয়ে আসছেন না। অধিকারের জ্যেষ্ঠ কর্মকর্তা তাসকিন ফাহমিনা বিবিসিকে বলেন, মানবাধিকার সংস্থাগুলোর কাছে তালিকা দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দু-এক দিনের মধ্যেই এটি করা হবে।