মতিঝিল আইডিয়ালে ভর্তির জন্য চাপ!
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ‘সুপারিশে’ শিক্ষার্থী ভর্তির জন্য ক্ষমতাসীন দলের স্থানীয় একদল নেতা-কর্মী স্কুল কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
শিক্ষাবর্ষ শুরুর প্রায় পৌনে পাঁচ মাস পর আজ মঙ্গলবার ও আগের দিন সোমবার ক্ষমতাসীন দলের স্থানীয় একদল নেতা-কর্মী কলেজের দায়িত্বশীল শিক্ষককে হুমকি-ধমকি দিয়ে যান বলে ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষক জানিয়েছেন। কাল বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত জানতে তাঁরা আসবেন বলেও জানিয়ে গেছেন।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, তিনি কলেজের বাইরে ছিলেন। আজ কলেজে এসে জেনেছেন সুপারিশে ভর্তির জন্য কয়েকজন এসেছিলেন। তবে এভাবে সুপারিশে ভর্তির বিষয়ে তাঁর কোনো কিছু করার নেই। এ বিষয়ে পরিচালনা কমিটি আছে, তারা যে সিদ্ধান্ত দেবে সেভাবেই হবে। বিষয়টি তিনি পরিচালনা কমিটিকে জানাবেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাত এগারোটার দিকে মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি ওই প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য আশরাফ তালুকদার দলীয় বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে প্রথম আলোকে বলেন, বিভিন্ন পর্যায় থেকে ভর্তির জন্য এ রকম চাপ ছিল। তবে এ বিষয়ে পরিচালনা কমিটির সভা ছাড়া কোনো সিদ্ধান্ত সম্ভব নয়।