মতিঝিল, আরামবাগে বিদ্যুৎ থাকছে না
শীত এলে বিদ্যুতের ব্যবহার কমে যাওয়ায় চাহিদাও কমে যায়। কিন্তু এবার নগরীর বিভিন্ন স্থানে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। বৈদ্যুতিক কেভি লাইন, সাবস্টেশন ইত্যাদি ক্ষেত্রে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিতরণব্যবস্থা বন্ধ করে রাখায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) জানিয়েছে। তবে দুর্ঘটনার (ব্রেকডাউন) কারণেও নগরীর কোথাও কোথাও বিদ্যুৎ চলে যাচ্ছে।
মতিঝিল, ফকিরাপুল, আরামবাগ, জসীমউদ্দীন রোডসহ আশপাশের এলাকায় গত শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল প্রায় চারটা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। ছুটির দিনে টানা প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এসব এলাকার বাড়িঘরে একরকম অস্বস্তি নেমে আসে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আরামবাগ ময়নামতি ভবন এলাকার বাসিন্দা আবদুল লতিফ বলেন, ছয় দিন কর্মদিবস শেষে শুক্রবার সপ্তাহের একটি দিনই তিনি ঘরে কিছুটা স্বস্তির মধ্যে কাটান। ছেলেমেয়েদের সঙ্গে একত্রে টেলিভিশন দেখেন। কিন্তু গত শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ না থাকায় তা সম্ভব হয়নি।
প্রতিবেশী গৃহিণী আফরোজা বানু বলেন, তাঁর ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন। শুক্রবার সকালে ওভেনে কেক বানিয়ে তাঁকে খাওয়ানোর কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। বিকেলের ট্রেনে ছেলে ফিরে গেছেন। এ নিয়ে তাঁর মনের কষ্টটা রয়েই যাবে।
কমলাপুর জসীমউদ্দীন রোডের কিছু অংশে শুক্রবার টানা সময় বিদ্যুৎ না থাকার তথ্য দিয়ে তিনজন বাসিন্দা বলেন, বিদ্যুৎ থাকবে না, এ রকম কোনো খবর তাঁরা আগে থেকে জানতেন না। দিনের বেলায় এখনো বৈদ্যুতিক পাখা চালানো হয়। কিন্তু এদিন বিদ্যুৎই ছিল না। সাততলা একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, তাঁর ফ্ল্যাটটি সবচেয়ে ওপরে। প্রতি শুক্রবার তিনি সপ্তাহের বাজার করে লিফটে ওপরে ওঠেন। কিন্তু গত শুক্রবার বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ ছিল। বাজার নিয়ে তাঁকে সিঁড়ি দিয়েই উঠতে হয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না জানলে তিনি এভাবে বাজার করতেন না।
যোগাযোগ করা হলে ডিপিডিসির কমলাপুর নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা গতকাল বিকেলে বলেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল থেকে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেসব এলাকায় মাইকে প্রচার করা হয়েছিল বৃহস্পতিবার রাতে।
পরীবাগে অবস্থিত ডিপিডিসির স্কাডা থেকে বলা হয়, বিদ্যুতের সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা চালু রাখতে বেশ কিছু বিদ্যুৎ লাইন ও সাবস্টেশনে রক্ষণাবেক্ষণ কাজ করা জরুরি। কিন্তু বছরের সব সময় তা সম্ভব নয়। শীতে চাহিদা কম থাকায় তা করতে হয়। বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই রক্ষণাবেক্ষণ কাজ চলছে। যেসব এলাকায় হয়নি, ধারাবাহিকভাবেই সেসব এলাকায়ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, বর্তমানে বৃহত্তর ঢাকায় ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। গত জুনে চাহিদা ছিল ৩ হাজার মেগাওয়াট।
আর কে মিশন রোড, অভয় দাস লেন এবং আশপাশের এলাকায় গত রোববার সকাল থেকে তিন দফায় বিদ্যুৎ যাওয়া-আসার ঘটনা ঘটে। তবে তা কোনো রক্ষণাবেক্ষণ কাজের জন্য নয় বলে জানা গেছে। অভয় দাস লেনে সেন্ট্রাল উইমেন কলেজের পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্টের চারজন বাসিন্দা একযোগে বলেন, রোববার সকাল থেকে তিনবার বিদ্যুৎ যায়। প্রথম দুবার বিদ্যুৎ গিয়ে অল্প সময়ের মধ্যে ফিরে আসে। তৃতীয় দফায় যাওয়ার প্রায় এক ঘণ্টা পর বিদ্যুৎ আসে। বিদ্যুৎ চলে গেলে অ্যাপার্টমেন্টের জেনারেটর হঠাৎ করে অকেজো হয়ে যায়। লিফটসহ সবকিছুর ব্যবহারও বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ নেমে আসে।
কমলাপুর নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, রোববার আর কে মিশন রোডের একটি ১৪৯ নম্বর ট্রান্সফরমারের গ্যাসটেক জ্বলে যায়। যার জন্য এই বিপত্তি।