মতিঝিল, কারওয়ান বাজার ও কাকরাইলে ককটেল, আহত ১১
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার দুপুরে মতিঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়। দুপুর ১২টার দিকে মতিঝিলের বিমান অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এ ছাড়া সকালে রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ছোড়া পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণে একজন পথচারী আহত হন। কাকরাইলে ককটেল বিস্ফোরণে যুবলীগের তিনজন কর্মী আহত হয়েছেন।
মতিঝিল: প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান অফিসের সামনে হরতালবিরোধী মিছিল করছিল শ্রমিক লীগ। দুপুর ১২টার দিকে মিছিলটির সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মতিঝিলে পুলিশের অতিরিক্তি উপকমিশনার মেহেদী হাসান জানান, এ ঘটনায় আটক হওয়া সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে।
কারওয়ান বাজার: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ছয়টার দিকে কারওয়ান বাজার এলাকায় ওয়াসা ভবনের পাশ থেকে স্বেচ্ছাসেবক দলের ১০-১২ জন একটি মিছিল বের করেন। তাঁদের বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। একপর্যায়ে মিছিলকারীরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনার সময় একজন পথচারী আহত হয়েছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, অল্প কয়েকজন মিলে মিছিলটি বের করে। আশপাশের ভবনের ওপর থেকে ককটেলগুলো ছোড়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। বিভিন্ন ভবনে অভিযান চালানো হচ্ছে।
কাকরাইল: বিজয়নগরে ৩৬ নম্বর ওয়ার্ড যুবলীগের হরতালবিরোধী মিছিলে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি ইসমাইল চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ আমাদেরও ওয়ার্ডে ওয়ার্ডে হরতালবিরোধী মিছিল ছিল। ৩৬ নম্বর ওয়ার্ড থেকে মিছিল বের করলে জামায়াত-শিবিরের কয়েকজন ক্যাডার ককটেল ছুড়ে পালিয়ে যায়। এতে আমাদের তিনজন কর্মী আহত হন।’