মতিঝিল, পল্টন ও রমনা এলাকায় ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আজ সোমবারের হরতাল ঢিলেঢালাভাবে চলছে। সকাল থেকে রাজধানীর মতিঝিল, পল্টন ও রমনা এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওই এলাকার বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকালে রমনা থানার বিজয়নগর এলাকা থেকে সন্দেহজনক তিনজনকে আটক করেছে পুলিশ। মতিঝিলের ব্যাংকপাড়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যাংক ও পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, সকাল থেকেই ডিএসইতে স্বাভাবিক লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক আ ফ ম আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকে হরতালের কোনো প্রভাব নেই। অন্য ব্যাংকগুলোতেও স্বাভাবিক লেনদেন চলছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল থেকে মতিঝিল, পল্টন ও রমনা এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই ওই এলাকার সড়কগুলোতে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা যায়। তবে ব্যক্তিগত গাড়ির চলাচল অনেকটাই কম।

রমনা থানার পুুলিশের পরিদর্শক (পিআই) শেখ শহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত রমনা এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল আটটার দিকে বিজয়নগরের আকরাম টাওয়ারের সামনে থেকে সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে।

মতিঝিল থানার পরিদর্শক (পিআই) শেখ আবুল বাশার প্রথম আলো ডটকমকে বলেন, সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।