মতিঝিল, পূর্ব ও পুরান ঢাকায় বিদ্যুৎ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকা, পূর্বাঞ্চলীয় এলাকা এবং মতিঝিল বাণিজ্যিক এলাকাসহ আশপাশের অনেক এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎ ছিল না। একটি মালবাহী জাহাজের ধাক্কায় হরিপুর-সিদ্ধিরগঞ্জ ১৩২ কেভি লাইন বন্ধ (ট্রিপ) হয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়। এতে মতিঝিল বাণিজ্যিক এলাকায় সরকারি-বেসরকারি কার্যালয়গুলোর দাপ্তরিক কাজে ব্যাঘাত ঘটে। ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার সাধারণ গ্রাহকেরাও।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুর ১২টার কিছু পরে সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কা লাগে। এতে হরিপুর-সিদ্ধিরগঞ্জ ১৩২ কেভি লাইন বন্ধ হয়ে যায়। যার পরিণতিতে সিদ্ধিরগঞ্জ-মানিকনগর-নারিন্দা বেল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায়। এ সময়ে মানিকনগর উপকেন্দ্রের সঙ্গে যুক্ত মানিকনগর, মুগদা ও আশপাশের এলাকা, মতিঝিল ও দিলকুশা বাণিজ্যিক এলাকা, আর কে মিশন রোড, অভয় দাস লেন, কে এম দাস লেনসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে নারিন্দা উপকেন্দ্রের সঙ্গে যুক্ত ওয়ারী, টিপু সুলতান রোড, নারিন্দাসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

ওয়ারীর লারমিনি স্ট্রিটের বাসিন্দা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহমিনা রহমান প্রথম আলোর প্রতিবেদকের কাছে ফোন করে জানতে চান, কী কারণে বিদ্যুৎ চলে গেছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করে বিদ্যুৎ কার্যালয়ের টেলিফোনের লাইন পাওয়ার পর কেউ ফোন ধরেননি বলে জানান তিনি। তিনি বলেন, সকাল থেকে দুবার বিদ্যুৎ যাওয়ার ঘটনা ঘটেছে। তাঁর এমবিএ পরীক্ষার প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে।

আর কে মিশন রোডের জজ গলির বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, টানা দেড় ঘণ্টা তাঁদের এলাকায় বিদ্যুৎ ছিল না। এটা লোডশেডিং, না বিদ্যুৎ-বিভ্রাট, তা জানার জন্য ডিপিডিসির কমলাপুর কেন্দ্রে ফোন করে জবাব পাননি।

মতিঝিল ওয়াপদা ভবনে পিডিবির কার্যালয় গতকাল কিছু সময়ের জন্য বিদ্যুৎ ছিল না। ওই ভবনে কোনো জেনারেটর না থাকায় এ সময়ে দাপ্তরিক কাজ একরকম বন্ধই ছিল বলে জানা গেছে।

মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বেনজির হোসেন বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের কার্যালয়ের জেনারেটর চালু হয়। কিন্তু যান্ত্রিক কারণে গতকাল সেটি তাৎক্ষণিকভাবে চালু হয়নি। এতে গ্রাহকদের সামনে তাঁদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। মতিঝিল ও দিলকুশায় আরও কয়েকটি অফিস থেকেও বিদ্যুৎ না থাকায় সমস্যা ও ভোগান্তির কথা জানানো হয়।

যোগাযোগ করা হলে ডিপিডিসির স্কাডা কার্যালয় থেকে জানানো হয়, সিদ্ধিরগঞ্জে মালবাহী জাহাজে ধাক্কা লেগে বিপর্যয় ঘটার পর এক ঘণ্টার মধ্যেই লাইন মেরামত করা হয়। তবে কোনো কোনো স্থানে বিদ্যুৎ চালু হতে কিছু সময় লেগে যায়। ওয়ারীতে সকালেও বিদ্যুৎ যাওয়ার বিষয়ে বলা হয়, এটা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে হয়ে থাকতে পারে। তবে ডিপিডিসি অন্যদিনের মতো গতকালও নিজ এলাকায় কোনো লোডশেডিং দেয়নি।