মতিঝিলে অভিযান: বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি মওদুদের

মতিঝিলের শাপলা চত্বরে ৫ মে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ‘হাজারো মানুষকে’ হত্যার বিষয়টি তদন্তে উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। অন্যথায় জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হবে বলে হুমকি দেন তিনি।আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ইয়থ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন।মওদুদ আহমদ বলেন, ‘সরকারের উচিত হবে এত বড় ঘটনার বিষয়ে স্বচ্ছতা নিয়ে আসা। অনেকেই দাবি করেছেন, আমিও এই পুরো ঘটনায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি করছি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। আর যদি সেটা না করেন, তাহলে আমরা জাতিসংঘের কাছে দাবি জানাব, একটি আন্তর্জাতিক কমিশন করার জন্য। আশা করি, আপনারা সেখানে সহযোগিতা করবেন আপনাদের স্বচ্ছতা প্রমাণ করার জন্য।’মওদুদ আরও বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আপনারা দাবি করছেন, সেদিন কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার হয় নাই। কোনো মানুষের মৃত্যু ঘটে নাই। ১০ মিনিটের মধ্যে সবাইকে নিরাপদে সেখান থেকে বের করে দিয়েছেন। যদি কথাগুলো সত্যি হয়, তাহলে জিজ্ঞেস করতে চাই, সংবাদপত্রগুলোকে কেন সেদিন সেখানে থাকতে দিলেন না; তাহলে তো তারাই সত্যি কথাগুলো, যেগুলো আপনারা বলছেন, সেগুলো প্রকাশ করতে পারত। কেন আপনারা দুটো চ্যানেল দিগন্ত ও ইসলামিক টেলিভিশন আক্রমণ করে তাদের সম্প্রচার বন্ধ করে দিলেন। কী কারণে? দেশের মানুষের মনে সাংঘাতিক সন্দেহ দেখা দিয়েছে। বিদ্যুতের লাইন কেটে দিলেন। সবাই আমরা জানি, আড়াই থেকে তিন ঘণ্টা যাবত্ এ হত্যাযজ্ঞ চলেছে। আমরা যারা দূরে থাকি, তারাও গুলির আওয়াজ পেয়েছি। মুহুর্মুহু গুলির আওয়াজ শুনেছি।’
হেফাজতের সমাবেশকে নিশ্চিহ্ন ও আক্রমণ করা হয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা ৫ মে তারিখটিকে গণতন্ত্রের জন্য একটি বিশালতম কলঙ্ক হিসেবে আখ্যায়িত করেছেন।