মতিঝিলের ভবনে আগুন, একজনের মৃত্যু
রাজধানীর মতিঝিলের হাজি ম্যানসনে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ দুর্ঘটনায় অধ্যাপক ডা. এস এম শাহনেওয়াজ বিন তবিবের (৬০) মৃত্যু হয়েছে।
অধ্যাপক শাহনেওয়াজ মিরপুর শিশু হাসপাতালের পরিচালক এবং মাতুয়াইলে মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে ১০ তলা ওই ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। সেখান থেকে ধোঁয়া অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এই ভবনে বেশ কিছু ব্যাংকসহ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
ঢাকা মেডিকেলের সূত্রের তথ্যমতে, অধ্যাপক শাহনেওয়াজ হাজি ম্যানসনে থাকা একটি ব্যাংকে যান। সেখানে আগুন লাগার খবর পেয়ে তিনি প্রথমে ওই ভবনের ছাদে যান। সেখান থেকে লাফিয়ে অন্য ভবনের ছাদে যান। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন।
মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক।