মতিঝিলে এক রাতের মেলা

দৈনিক বাংলার রাস্তা পেরিয়ে ডানে মোড় নিয়ে মতিঝিলের বিমান অফিসের দিকে যেতেই এক অচেনা দৃশ্য চোখে পড়ে। আলো ঝলমলে শহুরে রাস্তায় মেলা বসেছে! এই মেলা এক রাতের। কোনো আয়োজক নেই, নেই মেলার কোনো পূর্ব ঘোষণা। তবুও শহরের লোকজন যেন হুমড়ি খেয়ে পড়েছে মেলায়। আর মৌসুমি ব্যবসায়ীরাও বসেছেন নানান পণ্য নিয়ে। কজন দোকানদারের সঙ্গে কথা বলে জানা গেল, এখানে প্রতি বিজয় দিবসেই এক রাতের জন্য মেলা বসে।
বিজয় দিবসে শহরের সরকারি-বেসরকারি ভবনগুলোয় করা হয় আলোকসজ্জা। বাণিজিক্য এলাকা হওয়ায় মতিঝিলে সেই আলোর ঝলকানি খানিকটা বেশিই থাকে। তাই নগরবাসী সন্ধ্যার পর থেকেই এদিকটায় আলোকসজ্জা দেখতে ভিড় জমায়। আর সেই ভিড় ‘কাজে লাগাতেই’ অস্থায়ী দোকানীরা পসরা সাজিয়ে বসেন এখানে।

অন্যান্য দিনগুলো যেখানে সন্ধ্যা হলেই নীরবতা নেমে আসে, সেখানে বিজয় দিবসের সন্ধ্যায় কাঠখোট্টা এই এলাকাটা হয়ে ওঠে প্রাণবন্ত। দূর-দূরান্ত থেকে আসে মানুষ। লাল-সবুজ শাড়ি পরে চটপটির দোকানে খাবারের অপেক্ষায় বসে থাকা কজন তরুণীর কাছে জানতে চাই তাদের পরিচয়। তাঁদের মধ্য থেকে মেহনাজ নামের একজন জানান, তাঁরা সবাই কলেজপড়ুয়া। বেরিয়েছেন শহরের আলোকসজ্জা দেখতে। এই এক রাতের আচানক মেলার খবর কোথায় পেলেন? জানতে চাইলে বলেন, তাঁদের আরেক বান্ধবী গত বছর পরিবারসহ এখানে এসেছিলেন। তাই এবার বন্ধুরা দল বেঁধে এলেন এখানে।
কী নেই এই মেলায়? শীতের পোশাক, বিছানার চাদর, থালা, বাসন, খেলনা, সাজগোজের সরঞ্জাম থেকে শুরু করে কাঁচা মাছ, নানা ধরনের খাবার, মুরলি, হাওয়াই-মিঠাই-সব। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই মতিঝিলে ভিড় বাড়তে থাকে। আলোকসজ্জা দেখার পাশাপাশি টুকটাক প্রয়োজনীয় কিংবা শখের জিনিসটিও কিনে নেন অনেকে। মহাখালী থেকে পরিবার নিয়ে আসা রমিজ আলী বললেন, ‘ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে ঘুরতেই এখানে আসা। হঠাৎ মেলা দেখে ছোট মেয়েকে কাঁধে নিয়ে স্ত্রীর সঙ্গে টুকটাক কেনাকাটাও সেরে নিলাম।’