মতিঝিলে গুলিতে যুবক খুন
রাজধানীর মতিঝিল এলাকায় আজ শনিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে সাব্বির হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, আজ রাত সাড়ে আটটার দিকে মতিঝিল নটর ডেম কলেজের বিপরীত পাশে পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলেন সাব্বির। তখন মোটরসাইকেলের আরোহী দুজন ও অন্য কয়েকজন যুবক সাব্বিরের দিকে হঠাত্ এগিয়ে যান। কিছু বুঝে ওঠার আগে তাঁদের একজন সাব্বিরকে গুলি করেন। এরপর ওই যুবকেরা পালিয়ে যান।
পরে দুজন যুবক গুলিবিদ্ধ সাব্বিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাব্বিরকে নিয়ে আসা ওই দুই যুবকের নাম আখতার হোসেন ও সৌভন আহমেদ ওরফে জুয়েল।
জানতে চাইলে সৌভন প্রথম আলো ডটকমকে জানান, সাব্বির মুগদার উদা চেয়ারম্যান গলিতে বড় মসজিদের পাশে এক বাসায় থাকতেন। সাব্বির তাঁর (সৌভন) কাছে ২০ হাজার টাকা পেতেন। পাওনা টাকা নিতে আখতারকে সঙ্গে নিয়ে পুলিশ বক্সের সামনে আসেন সাব্বির। সাব্বির তাঁর সঙ্গেই কথা বলছিলেন। এ সময় হঠাত্ দুর্বৃত্তরা এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়।
মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।