মতিঝিলে নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার
মতিঝিলে নির্মাণাধীন একটি ভবনের সামনের রাস্তা থেকে গতকাল শনিবার সকালে মাসুদ (১৮) নামের এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, মাসুদকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।মতিঝিল থানার পুলিশ জানায়, মাসুদের মাথা, কপাল ও পিঠে আঘাতের চিহ্ন ছিল। সকাল ১০টায় উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।মাসুদের মামা আবুল কাশেম প্রথম আলোকে জানান, মাসুদ নির্মাণাধীন বহুতল ভবনটিতে (১১৪, মতিঝিলে) ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি স্থানীয় সাইদুরের মেসে খাওয়া-দাওয়া করতেন। এ বাবদ তাঁর কাছে ৪৫০ টাকা পাওনা হয় মেসের মালিক সাইদুরের। এ নিয়ে কথা-কাটাকাটির জের ধরে সাইদুর মারধর করে মাসুদকে। আবুল কাশেমের অভিযোগ, এই পাওনা টাকা না পেয়েই মাসুদকে হত্যা করা হয়েছে।বিধবার লাশ উদ্ধার: পুলিশ গত শুক্রবার রাতে ডেমরার ডগাইরের পশ্চিমপাড়া থেকে রুখসানা বেগম (৪৫) নামের এক বিধবার লাশ উদ্ধার করে।