মতিঝিলে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’-এর অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান করেছে ডিএসসিসি।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘আপনার সচেতনতাই পরিবর্তনের শক্তি’ শীর্ষক স্লোগানে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ডিএসসিসি ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাঈদ খোকন বলেন, ঢাকা শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ ঘোষণা করেছে ডিএসসিসি। সবাই আন্তরিকভাবে সহযোগিতা করলে এই ঢাকা শহরের হাজারো সমস্যা সমাধান করা সম্ভব হবে। কারণ, নগরবাসীই পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর চায়। এ জন্য নিজের বাড়িঘর ও চারপাশ পরিচ্ছন্ন রাখলে ঢাকা শহর পরিচ্ছন্ন হিসেবে গড়ে উঠবে।
বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে পরিচ্ছন্ন অভিযানে অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম ও সাব্বির আহমেদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান বর্জ্য কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেয়র সাঈদ খোকনসহ উপস্থিত সবাই ঝাড়ু হাতে প্রতীকী পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। পরে ‘অনুমতি ব্যতীত পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাবেন না’ ইত্যাদি স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রা করা হয়।