মতিঝিলে পুলিশ-জামায়াত সংঘর্ষ, পাঁচজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ সাতজন আহত হয়েছেন। পাঁচজনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও জামায়াত সূত্রে জানা গেছে, জামায়াত গতকাল বেলা দুইটার দিকে দৈনিক বাংলার মোড় থেকে একটি মিছিল বের করে। মহানগর জামায়াতের সেক্রেটারি ও সাংসদ হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ওই মিছিলে তিন শতাধিক মানুষ অংশ নেয়। মিছিলটি শাপলা চত্বরে এসে শেষ হয়। সাংসদ আযাদ সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এর পরই পুলিশের কয়েকজন সদস্য সাংসদকে ঘিরে ফেলেন।পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাইলে জামায়াতের কর্মীরা পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হলে আযাদ পালিয়ে যান। এ সময় পুলিশকে লক্ষ্য করে জামায়াতের নেতা-কর্মীরা ইটপাটকেল, ফুটপাতের বিক্রেতাদের জুতা-স্যান্ডেল ও ফল কেড়ে নিয়ে নিক্ষেপ করেন। এতে পুলিশের দুই সদস্যসহ অন্তত সাতজন আহত হন।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তি: গতকাল সন্ধ্যায় জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জামায়াতের নেতা-কর্মীরা মতিঝিল শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ শেষে ফেরার সময় পুলিশ বিনা উসকানিতে তাঁদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। জামায়াতের শীর্ষস্থানীয় তিন নেতাসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দুপুরে এই মিছিল বের করা হয়।