মতিঝিলে প্রবাসী হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে দুবাইপ্রবাসী সাব্বির হোসেন (২৫) হত্যার ঘটনায় গতকাল রোববার বিকেলে মতিঝিল থানায় হত্যা মামলা হয়েছে। সাব্বিরের বাবা শামসুল হক অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এই মামলা করেন।

নটর ডেম কলেজের বিপরীতে পুলিশ বক্সের সামনে গত শনিবার রাতে সাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সাব্বিরকে হাসপাতালে নিয়ে যাওয়া তাঁর দুই পরিচিত আখতার হোসেন ও সৌভন আহমেদকে আটক করা হয়।

মতিঝিল থানার ওসি ফরমান আলী বলেন, আটক দুজনকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হবে। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে ব্যাপারে এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।

নিহত সাব্বিরের মামাতো ভাই মনির হোসেন প্রথম আলোকে বলেন, টাকা লেনদেনের জের ধরে সাব্বিরকে হত্যা করা হয়েছে বলে তাঁরা শুনেছেন। সৌভনই শনিবার রাতে সাব্বিরকে ফোন করে পুলিশ বক্সের সামনে নিয়ে গিয়েছিলেন। আখতারকে নিয়ে সেখানে গিয়েছিলেন সাব্বির। তখন মোটরসাইকেল আরোহী ও হেঁটে আসা কয়েকজন যুবক তাঁর দিকে এগিয়ে যান। যুবকদের একজন সাব্বিরকে গুলি করে পালিয়ে যান।

অবশ্য শনিবার আটক হওয়ার আগে সৌভন সাংবাদিকদের বলেছিলেন, টাকা দিতে শনিবার রাতে তিনি সাব্বিরকে ফোন করেছিলেন।