মতিঝিলে বাসে আগুন

ঢাকার মতিঝিলে নটরডেম কলেজের সামনে হানিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, ছাত্রদল বা যুবদলের সমর্থকেরা বাসটিতে আগুন দিয়েছে।
আজ রোববার বেলা তিনটার দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আবদুল জলিল প্রথম আলোকে বলেন, হানিফ পরিবহনের বাসটি বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী নিয়ে সম্ভবত সায়েদাবাদের দিকে যাচ্ছিল। এ সময় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসের সিটগুলো পুড়ে যায়।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের জামিন বাতিল হওয়ার প্রতিবাদে সম্ভবত বাসটিতে আগুন দিয়েছে ছাত্রদল বা যুবদলের সমর্থকেরা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।