মতিঝিলে বাসের ধাক্কায় ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে আজ শুক্রবার বিকেলে বাসের ধাক্কায় কানিজ ফাতেমা তাসনিম (১৮) নামের এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর খালা রুবিনা আক্তার ওরফে রুমি ও দুই রিকশাচালক।

আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কানিজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড  কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

আহত রুবিনার বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেলে পাঁচটার দিকে রুবিনা কলেজ থেকে কানিজকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর বাসায় ফিরছিলেন। তাঁদের রিকশা মতিঝিল শাপলা চত্বরে এলে বিআরটিসির দোতলার একটি বাস তাঁদের রিকশাসহ দুটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রুবিনা, কানিজ এবং দুই রিকশাচালক নূরুল আলম ও ফজলুর রহমান। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক কানিজকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, বাস ও চালককে আটক করা হয়েছে।