মতিঝিলে বাসের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে গতকাল বুধবার সকালে বাসের ধাক্কায় রিকশাযাত্রী নারীসহ দুজন প্রাণ হারিয়েছেন। তাঁরা হলেন বেসরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী নূরজাহান বেগম (৪৫) ও রিকশাচালক খোকন মিয়া (৩৫)। মতিঝিল থানার পুলিশ জানায়, সকাল আটটার দিকে যাত্রীবাহী একটি মিনিবাস মতিঝিলের রাজউক ভবনের কাছে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাযাত্রী নূরজাহান ও তাঁর জা ফাতেমা বেগম এবং রিকশাচালক খোকন মিয়া গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর নূরজাহান ও খোকন মিয়া মারা যান। ফাতেমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফাতেমা বেগম বলেন, নূরজাহান তাঁর ছোট জা। তাঁরা দুজনে মতিঝিলে বেসরকরি পৃথক দুটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রতিদিনের মতো গতকাল তাঁরা দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জের বাসা থেকে বেরিয়ে পুরান ঢাকার সদরঘাট টার্মিনালে আসেন। সেখান থেকে তাঁরা একটি রিকশা নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। রাজউক ভবনের কাছে পেছন থেকে একটি বাস তাঁদের রিকশাকে ধাক্কা দিলে রিকশাচালকসহ তিনজনই ছিটকে পড়েন।