মতিঝিলে বিআরটিসি বাসে আগুন
১৮-দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা-গুলিস্তান সড়কে (কমার্স ব্যাংকের সামনে) একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিআরটিসি (ঢাকা মেট্রো ব-১১২৭৭৬) বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের আজ ছিল দ্বিতীয় দিন। সারা দিন রাজধানীর চিত্র ছিল অনেকটাই স্বাভাবিক। অবরোধের সমর্থনে বড় ধরনের কোনো মিছিল, সমাবেশ বা তত্পরতা চোখে না পড়লেও সন্ধ্যার পর বিআরটিসির গাড়িতে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
গত ২৯ ডিসেম্বর ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল বিএনপির নেতৃত্বাধীন জোট। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখে জোটের নেতা-কর্মীকে গণতন্ত্রের অভিযাত্রায় শামিল হতে দেখা যায়নি। পুলিশের বাধায় খালেদা জিয়াও বাসা থেকে বের হতে পারেননি। পরদিন ৩০ ডিসেম্বরও একই কর্মসূচি অব্যাহত রাখা হয়। তাতেও সফল হয়নি বিএনপি। এরপর গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছে বিএনপি।