মতিঝিলে বিআরটিসির টিকিট নিয়ে অনিয়ম
ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মতিঝিল ডিপোতে টিকিট বিক্রির প্রথম দিনেই অনিয়মের অভিযোগ করেছেন যাত্রীরা।
আজ রোববার সকাল নয়টা থেকে বিআরটিসির সাতটি ডিপোর অধীনে বিক্রয়কেন্দ্রগুলোতে ঈদের বিশেষ সার্ভিসের টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন বিক্রি হচ্ছে ২৪ জুলাইয়ের টিকিট।
বিআরটিসির তথ্য অনুযায়ী, ২৪ জুলাই থেকে ঈদের তিন দিন পর্যন্ত এই সেবা সার্ভিস চালু থাকবে। মোট ৯০০টি বাস সেবা সার্ভিসের অন্তর্ভুক্ত।
বিআরটিসির মতিঝিল ডিপোতে যাত্রীদের তেমন কোনো ভিড় দেখা যায়নি। সকাল নয়টার দিকে যাঁরা গেছেন, তাঁরা টিকিট নিয়ে ফিরে গেছেন। তবে চট্টগ্রাম ও নোয়াখালী রুটের যাত্রীদের টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
চট্টগ্রামের টিকিট নিতে আসা যাত্রী আমির হোসেন বলেন, কাউন্টার কর্মী তাঁকে টিকিটের বদলে টোকেন নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে এসে টিকিট নেওয়ার কথা বলেন। এর কারণ হিসেবে ওই কর্মী বলেন, চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর টিকিট দেওয়া হবে। পরে সংবাদকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে কাউন্টারের ওই কর্মী যাত্রীকে টিকিট দিয়ে দেন। কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হননি।
ওই রুটের আরেক যাত্রী তারেক বলেন, তিনি সকাল সাড়ে নয়টা থেকে নোয়াখালীর টিকিটের জন্য অপেক্ষা করছিলেন। কাউন্টারকর্মী মোহাম্মদ অলি তাঁকে বলেছেন, নোয়াখালী থেকে টিকিট না আসার কারণে টিকিট দেওয়া যাচ্ছে না। সংবাদকর্মীদেরও তিনি একই কথা বলেন।
টিকিট নিয়ে মতিঝিল ডিপোর কাউন্টারে যাত্রীদের বাগবিতণ্ডার কথা শুনে সেখানে যান বিআরটিসির মতিঝিল ডিপোর টেকনিক্যাল ম্যানেজার মোশারফ হোসেন। তিনি বলেন, নোয়াখালীর টিকিটগুলো নোয়াখালী ডিপোর অধীনে। এ সময় তিনি কাউন্টারকর্মীর কাছে নোয়াখালীর টিকিট না দেওয়ার কারণ জানতে চান। কাউন্টারকর্মী কোনো সদুত্তর দিতে না পারায় মোশারফ হোসেন ওই কর্মীকে টিকিট বিক্রি অথবা কাউন্টার বন্ধ রাখার নির্দেশ দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে টিকিট বিক্রি শুরু করেন ওই কর্মী।
এদিকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ডিপোতে ভোররাত থেকেই যাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছেন। কল্যাণপুর কাউন্টার থেকে ঢাকা নওগাঁ, ঢাকা-রাজশাহী, ঢাকা-রংপুর, ঢাকা-বকশীগঞ্জের টিকিট দেওয়া হচ্ছে।
কল্যাণপুর বাস ডিপোর কাউন্টারের টিকিট বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, ‘আমরা সকাল থেকেই যাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খেয়েছি। নিজেদের উদ্যোগে তালিকা তৈরি করে যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে টিকিট দিয়েছি।’
বিল্লাল হোসেন আরও বলেন, চারটি গন্তব্যের টিকিট দেওয়া হলেও ঢাকা- নওগাঁর টিকিটের চাহিদা বেশি। মাত্র ১২ থেকে ১৩টি রংপুর ও অন্যান্য রুটের টিকিট বিক্রি হয়েছে। নওগাঁর টিকিটের ৫২ শতাংশ বিক্রি হয়েছে।
ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান বলেন, তাঁর একসঙ্গে ছয়টি টিকিটের দরকার ছিল। তিনি ছয়টি টিকিটই পেয়েছেন। শীতাতপনিয়ন্ত্রিত বাসের প্রতিটি টিকিটের দাম ৮৫০ টাকা। অন্যান্য পরিবহন থেকে কম ভাড়ায় টিকিট পাওয়ায় তিনি আনন্দিত।