মতিঝিলে ভবনে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

রাজধানীর মতিঝিলের দিলকুশায় গতকাল শনিবার বিকেলে একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হওয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেল চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও দেখা দেয় তীব্র ধোঁয়া। ফলে গতকাল রাত নয়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কাজ করে যাচ্ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ওই ভবনে লোকজন ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দিলকুশা বাণিজ্যিক এলাকায় মিয়া আমান উল্লাহ নামের আটতলা ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল) নামের একটি প্রতিষ্ঠানের কার্যালয়। ওই ভবনে এ কার্যালয় ছাড়াও বেশ কয়েকটি ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। আগুন ছড়িয়ে ওপরের কয়েক তলায় স্পর্শ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বন্ধ হয়নি ধোঁয়া। ওই অবস্থায় ভবনের ভেতরে ঢুকলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন রফিকুল ইসলাম। ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে যায়। আশপাশে দেখা দেয় আতঙ্ক। ভিড় করে উৎসুক জনতা। ফলে ওই ভবনসংলগ্ন সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিসকে পানি সরবরাহ করে সহায়তা করে ওয়াসা। ফায়ার সার্ভিসকে কাজ করার সুবিধা করে দেওয়ার জন্য ভিড় সামলানোসহ আরও সহযোগিতামূলক কাজ করেন রেড ক্রিসেন্ট সোসাইটির বেশ কয়েকজন কর্মীও।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দোতলার ওই কার্যালয়ের পেছন দিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কার্যালয়টির ভেতরকার অংশ পারটেক্স ও স্টিল দিয়ে তৈরি করা। দরজাগুলোতেও মোটা কাচ। এতে আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে বেশ ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফলে ভেতরে তাপমাত্রাও তুলনামূলকভাবে বেড়ে গেছে। তাই পানি ছিটিয়ে ও বিভিন্ন কাচ ভেঙে ধোঁয়া নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ওই ভবনের এক কর্মকর্তা জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, দোতলার কার্যালয়টি ৬ হাজার ২০০ বর্গফুট নিয়ে তৈরি।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর শাকিল নেওয়াজ খান সাংবাদিকদের জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এরপর অগ্নিকাণ্ডের সূত্রপাত, কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।