মতিঝিলে ভূমিসেবায় 'মাটি ও মানুষ' উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিঝিল রাজষ্ব সার্কেলে (ভূমি আফিস) মাটি ও মানুষ নামে একটি বসার ঘরের উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। ছবি: প্রথম আলো।
মতিঝিল রাজষ্ব সার্কেলে (ভূমি আফিস) মাটি ও মানুষ নামে একটি বসার ঘরের উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। ছবি: প্রথম আলো।

ভবনটির প্রধান ফটকের ডান দিকে একটি টিনশেড ঘর, নাম ‘মাটি ও মানুষ’। তাতে বসে অপেক্ষা করছেন কয়েকজন। এর সামনেই পরিপাটি একটি কার্যালয়। নিজ কক্ষে বসে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। তিনি প্রার্থীদের একেক করে ডাকছেন, কথা বলছেন। দেখে মনে হবে, চিকিৎসক চেম্বারে রোগী দেখছেন, ব্যবস্থাপত্র দিচ্ছেন। এই চিত্রটি রাজধানীর মতিঝিল রাজস্ব সার্কেলের।
বঙ্গভবনের দক্ষিণ পাশে জয়কালী মন্দির-সংলগ্ন মতিঝিল রাজস্ব সার্কেল। আজ মঙ্গলবার সকাল ১০টায় ওই টিনশেড ঘরটি উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। এ সময় মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগমকে এই সেবা কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। ভূমি দপ্তরের বাইরে দালালের দৌরাত্ম্য, সেবাপ্রার্থীর প্রতি কর্মচারীদের অবহেলা ও টাকা আদায় এবং হয়রানি বন্ধে এই সেবাব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে মতিঝিল রাজস্ব সার্কেল।
উদ্বোধনী অনুষ্ঠানে হেলালুদ্দীন আহমেদ বলেন, সাধারণত ভূমি অফিসে সেবাপ্রার্থীদের ভোগান্তি ও দুর্নীতি বেশি হয়। অনেকে খামাখা হয়রানির শিকার হন। এই অনিয়ম বন্ধে ভূমি অফিসগুলো ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য ভূমি অফিসগুলোতে এই পদ্ধতি চালু করা হবে।
মমতাজ বেগম বলেন, সেবা কার্যক্রমের অংশ হিসেবে তাঁর কার্যালয়ে প্রথমবারের মতো ‘হেল্প ডেস্ক’, ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা), স্বল্প সময়ে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে ‘ইন্টারকম’ স্থাপন ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরার ব্যবস্থা চালু করা হয়। ইতিমধ্যে পুরো কার্যালয়টি সংস্কার করা হয়েছে৷ তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের জমিজায়গা-সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করা হবে। এ ছাড়া তাঁদের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তাঁরা বাসায় বসেই তাঁদের কাজের অগ্রগতি ও অন্যান্য তথ্যসেবা পাবেন।

মতিঝিল রাজস্ব সার্কেলের নবনির্মিত ঘর। ছবি: প্রথম আলো
মতিঝিল রাজস্ব সার্কেলের নবনির্মিত ঘর। ছবি: প্রথম আলো


ওই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সানোয়ার বারী, অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুর ইসলাম, জ্যেষ্ঠ সহকারী সচিব মো. জুবার প্রমুখ উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, সহকারী কমিশনারের কার্যালয়ে একটি বোর্ডে নাগরিক সনদ টাঙানো। তাতে জমির নামজারি করতে কত টাকা লাগে, খতিয়ান তুলতে কত টাকা লাগে, খাসজমি বন্দোবস্ত নিতে কী করণীয়—সব তথ্য লেখা রয়েছে। পৃথক আরেকটি বোর্ডে কার্যালয়ের বিভিন্ন কক্ষের ওপরে কর্মচারীদের নাম, শাখার নাম, কার কাছে কোন সেবা পাওয়া যাবে,¦তা লেখা রয়েছে। বারান্দার হেল্প ডেস্কে একজন কর্মচারী বসে আগত ব্যক্তিদের তথ্য দিচ্ছেন৷ ওই কমিশনারের কক্ষে ছোট সাদা বোর্ডে তাঁর প্রতিদিনের কাজ, কোন কোন মৌজা তাঁর সার্কেলে, বার্ষিক বকেয়া আদায়, মোট রাজস্ব আদায় ইত্যাদি লেখা রয়েছে৷ প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীদের গলায় ঝুলছে পরিচয়পত্র।
মতিঝিল রাজস্ব সার্কেল কার্যালয়ে দনিয়া থেকে জমির নামজারি করতে এসেছিলেন ফারুক আহমেদ৷ তিনি বলেন, প্রায় সাত মাস আগে দনিয়ায় তাঁর একটি জায়গার মালিকানা ও সিটি জরিপ নিয়ে জটিলতা তৈরি হয়৷ এ সমস্যা সমাধানে আগে কয়েকবার এই কার্যালয়ে এসেছিলেন তিনি৷ কিন্তু কাজ হয়নি৷ আজ একই কাজ নিয়ে তিনি সরাসরি সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন৷ এখন তাঁর এই সমস্যা এক সপ্তাহের মধ্যে সমাধান হবে বলে তিনি জানান৷
প্রায় একই সমস্যা নিয়ে ওই কার্যালয়ে সহকারী কমিশনারের সঙ্গে কথা বলেছেন যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের বাসিন্দা হুমায়ন কবির৷ তিনি বলেন, এই কর্মকর্তা আন্তরিকভাবে তাঁর সব কাগজপত্র দেখেছেন৷ তা সমাধানে কাল আবার তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে৷ হুমায়ন কবির বলেন, এভাবে দেশের প্রতিটি ভূমি কার্যালয়ের কর্মকর্তারা সেবা দিলে মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে৷
নিজ নামে রেকর্ড সংশোধনের বিষয় নিয়ে সহকারী কমিশনারের সঙ্গে কথা বলছিলেন ধোলাইখালের বাসিন্দা মো. মহসিন৷ তিনি বলেন, আগে অন্যান্য কাজেও কয়েকবার এই কার্যালয়ে তিনি এসেছিলেন৷ একাধিকবার দালাল ও অসাধু কর্মচারীদের খপ্পরে পড়েছিলেন৷ কাজ করে দেবেন বলে মোট অঙ্কের টাকা হাতিয়ে নেন তাঁরা৷ কাজ বাস্তবায়ন করতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল৷
সেবাপ্রার্থীদের সমস্যা একে একে সমাধানের পথ খুঁজে বের করে তা সমাধান করছিলেন সহকারী কমিশনার মমতাজ বেগম৷ তিনি প্রথম আলোকে বলেন, সদিচ্ছা থাকলে ভূমিসংক্রান্ত অনেক কঠিন কাজও সহজে সমাধান করা সম্ভব হয়৷ মানুষের সেবা হিসেবে তিনি নিয়মিত এই কার্যক্রম চালিয়ে যাবেন৷