মতিঝিলে ভূমিসেবায় 'মাটি ও মানুষ' উদ্বোধন
প্রধান ফটকের ডান দিকে একটি টিনশেড ঘর, নাম ‘মাটি ও মানুষ’। তাতে অপেক্ষা করছেন সেবাপ্রার্থীরা। এর সামনেই পরিপাটি একটি কার্যালয়। নিজ কক্ষে বসে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি)। তিনি প্রার্থীদের একেক করে ডাকছেন, কথা বলছেন। দেখে মনে হবে, চিকিৎসক চেম্বারে রোগী দেখছেন, ব্যবস্থাপত্র দিচ্ছেন। এই চিত্রটি রাজধানীর মতিঝিল রাজস্ব সার্কেলের।
গতকাল সকাল ১০টায় ওই টিনশেড ঘরটি উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। এ সময় মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগমকে এই সেবা কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। ভূমি দপ্তরের বাইরে দালালের দৌরাত্ম্য, সেবাপ্রার্থীর প্রতি কর্মচারীদের অবহেলা ও টাকা আদায় এবং হয়রানি বন্ধে এই সেবাব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে মতিঝিল রাজস্ব সার্কেল।
উদ্বোধনী অনুষ্ঠানে হেলালুদ্দীন আহমেদ বলেন, সাধারণত ভূমি অফিসে সেবাপ্রার্থীদের ভোগান্তি ও দুর্নীতি বেশি হয়। অনেকে খামাখা হয়রানির শিকার হন। এই অনিয়ম বন্ধে ভূমি অফিসগুলো ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।