মতিঝিলে যুবলীগের কর্মী খুনের পেছনে চামড়ার টাকা ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে যুবলীগের কর্মী রেজভী আহাম্মেদ ওরফে বাবু (৩৩) খুন হয়েছেন আধিপত্য বিস্তার ও কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদে পুলিশ এ তথ্য পেয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু সালেহ ও তাঁর ভাই মো. মুসা, কামরুল হাসান ওরফে বাবু এবং নাসির উদ্দিন।
সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে জানাতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, রেজভী হত্যা মামলার প্রায় দুই মাস পর গোয়েন্দা পুলিশ আসামিদের শনাক্ত করে। এঁদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন এখনো পলাতক।
গ্রেপ্তার আসামিদের মধ্যে দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি অনুযায়ী, এজিবি কলোনিতে আধিপত্য বিস্তার ও কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারণে আবু সালেহ ও মুসা—দুই ভাই মিলে রেজভীকে হত্যার পরিকল্পনা করেন। পরে অন্যরা এতে যুক্ত হন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও নয়টি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল এজিবি কলোনির ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্লাবের সামনে বসে ছিলেন রেজভী। এ সময় কয়েকজন দুর্বৃত্ত রেজভীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় রেজভীর পাশাপাশি তাঁর সঙ্গে দেখা করতে আসা আহসানুল ইমন নামে আরেকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়া হলে রেজভী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুই সন্তানের বাবা রেজভী পরিবার নিয়ে পূর্ব বাসাবো এলাকায় থাকতেন। তিনি ঢাকা মহানগর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তাঁর বিরুদ্ধে পুলিশকে মারধরসহ মতিঝিলে চারটি ও যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে মামলা ছিল। খুন হওয়ার কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বেরিয়ে এসেছিলেন।
জানতে চাইলে ডিএমপি গোয়েন্দা পুলিশের (পূর্ব) উপকমিশনার খোন্দকার নূরুন্নবী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চারজনই কারাগারে আছেন। তাঁদের মধ্যে মুসাকে চট্টগ্রাম থেকে, সালেহকে ঢাকার ডেমরা থেকে, কামরুল হাসানকে পল্লবী থেকে এবং নাসিরকে পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।