মতিঝিলে শিবিরের ঝটিকা মিছিল পণ্ড ককটেল বিস্ফোরণ
রাজধানীর মতিঝিলে গতকাল শনিবার সকালে পুলিশের বাধার মুখে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।গত শুক্রবার গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সেলিম উদ্দিনের মুক্তির দাবিতে মিছিলটি বের করা হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে মতিঝিলের সিটি টাওয়ারের পাশের গলি থেকে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন শিবিরের নেতা-কর্মীরা। খবর পেয়ে দৈনিক বাংলা মোড়ে দায়িত্বরত পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়। মিছিলটি মূল সড়কে নামার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেয়। এ সময় শিবিরের কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন।প্রায় আধা ঘণ্টা ধরে এ অবস্থা চলাকালে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন দোকানদারেরা। সাধারণ পথচারীরা আতঙ্কিত হয়ে দিগিবদিক ছোটাছুটি করতে থাকেন।