মতিঝিলে শুক্রবারের তাণ্ডবে জড়িত ৩ জন শনাক্ত
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পরদিন গত শুক্রবার রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুলের সামনে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ বলেছে, সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের শনাক্ত করা হয়েছে।
শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে শুরু করে মাত্র ২০ মিনিটে আইডিয়াল স্কুলের সামনের মাজার রোডজুড়ে ও এর আশপাশে তাণ্ডব চালায় জামায়াত-শিবির। এ সময় মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা ১৭টি যানবাহন, ভাসমান দোকান ও সিটি করপোরেশনের একটি আঞ্চলিক কার্যালয়ে আগুন দেয়। ওই ঘটনার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। সেসব ছবি থেকে ১১ জনের চেহারা ১৫ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে ও ফেসবুক পাতায় দিয়ে তাঁদের ধরিয়ে দিতে বিজ্ঞাপন দেওয়া হয়। সেখানে তাঁদের গ্রেপ্তারে সহায়তাকারী বা তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। প্রথম আলোসহ পাঁচটি জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত বিজ্ঞাপন ছাপা হয়।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, ওই সব বিজ্ঞাপন ছাপানোর পর মানুষের কাছ থেকে প্রচুর সাড়া মিলেছে। লোকজন ফোন করে, ই-মেইলে ও ফেসবুকে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন ও তথ্য দিয়েছেন। সেসব তথ্যের ভিত্তিতে তিনজনের পূর্ণাঙ্গ পরিচয় এবং আরও কয়েকজন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হচ্ছে। যাঁদের তথ্যের ভিত্তিতে তাঁরা গ্রেপ্তার হবেন, তাঁদের প্রতিশ্রুত পুরস্কার দেওয়া হবে।
ডিএমপি সূত্র জানায়, ডিএমপির ওয়েবসাইটে ১৫ ডিসেম্বর ৬০ হাজার লোক বিজ্ঞাপনটি দেখেন। এমনিতে গড়ে এক থেকে দেড় হাজার লোক ওই ওয়েবসাইটে ক্লিক করেন। এ ছাড়া ডিএমপির ফেসবুক পাতায় থাকা বিজ্ঞাপনটি এক হাজার ৯৫৮টি শেয়ার হয়েছে।