রাজধানীর মতিঝিলে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় আবদুল হালিম (২৩) নামের একজন যুবক মারা গেছেন। তিনি বাসচালকের সহকারী ছিলেন। অন্যদিকে গতকাল ভোরে খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নয়জন আহত হন।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, বেলা ১১টার দিকে মতিঝিল সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে যাত্রী উঠিয়ে হিমালয় পরিবহনের একটি বাস চলতে শুরু করে। এ সময় নিচে থাকা বাসচালকের সহকারী হালিম দৌড়ে বাসে উঠতে গিয়ে পিছলে পড়ে যান। বাসের একটি অংশে লেগে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। হালিমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। বাবা তমিজুদ্দিন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গাজীপুর থেকে সায়েদাবাদগামী বলাকা পরিবহনের একটি মিনিবাস ভোরের দিকে খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। এতে মিনিবাসের নয়জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত হুমায়ুন কবীরকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত যাত্রীদের মধ্যে মো. জসিম নামের পুলিশের একজন কনস্টেবলও আছেন বলে জানা গেছে।