কথিত ধর্মদ্রোহী ও রাষ্ট্রদ্রোহীদের ‘মূলোৎপাটন’ এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আজ মতিঝিলের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদ। এদিকে রাষ্ট্রীয় শোকের মধ্যে এ সমাবেশের বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন কয়েকজন জ্যেষ্ঠ আলেম।গতকাল শুক্রবার আলেমদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনটির আমির মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এ আহ্বান জানান। বেলা ১১টায় শাপলা চত্বরে এ সমাবেশ হওয়ার কথা।ফরিদ উদ্দিন মাসউদ বলেন, ‘সমাবেশ সফল করার জন্য ওলামায়ে কেরামরা স্বেচ্ছায় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাঁরা নাস্তিক-মুরতাদ ও মওদুদীর ফিতনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তৌহিদি জনতার জোয়ারে কুচক্রী মহলের ষড়যন্ত্র বানের পানির মতো ভেসে যাবে।’মতবিনিময় সভায় ঢাকা মহানগর ও আশপাশের এলাকার বিভিন্ন মাদ্রাসার আলেমরা অংশ নেন। এ ছাড়া খুলনা ও রংপুরের বেশ কয়েকজন আলেম ও কওমি শিক্ষার্থী পরিষদ নামের একটি সংগঠন সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে।সমাবেশের বিরোধিতা: এদিকে কয়েকটি ইসলামি দলের নামে দেওয়া এক বিবৃতিতে কয়েকজন বিশিষ্ট আলেম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে জাতীয় শোক চলাকালে সমাবেশ না করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেন, এর অন্যথা হলে তিনি রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত হবেন। বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন খান, শাহ আহমদুল্ল্ল্লাহ আশরাফ, শাইখ আবদুল মোমিন, মোহাম্মাদ ইসহাক, আবদুল লতিফ নেজামী, যাইনুল আবেদীন, জাফরুল্লাহ খান, মহিউদ্দীন রব্বানী, শাহতলীর পীর মাওলানা আবুল বাসার প্রমুখের নাম রয়েছে।রাষ্ট্রীয় শোক চলাকালে সমাবেশের পরিকল্পনা অব্যাহত রাখায় মাওলানা মাসউদের সমালোচনা করেছেন খেলাফত যুব আন্দোলনের সভাপতি মাওলানা ফখরুল ইসলামও। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘মাওলানা মাসউদের আচরণে মনে হয়, তিনি প্রকৃতপক্ষে জামায়াতে ইসলামীর দালাল। জামায়াতের বিরোধিতা করতে গিয়ে আসলে তিনি জামায়াতকে প্রতিষ্ঠা করতে উঠেপড়ে লেগেছেন।’খেলাফত যুব আন্দোলন আজ ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের পাল্টা সমাবেশ ডাকলেও পরে স্থগিত করে।