মতিন আদালতে জবানবন্দি দেননি, কারাগারে প্রেরণ

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় গ্রেপ্তার এম এ মতিন গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি। পরে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দ্বিতীয় দফায় রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়েছিল।
এই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম রিমান্ড শেষে মতিনকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মতিন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনারের ছোট ভাই।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, সিজার তাবেলা হত্যা মামলায় ৪ নভেম্বর মতিনকে গ্রেপ্তার দেখানোর পর তাঁকে আট দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। প্রথম দফার ওই রিমান্ড শেষে তাঁকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি। রিমান্ডে মতিন টাকা দিয়ে খুনি নিয়োগ করে সিজার তাবেলাকে হত্যা করার কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দেননি। তবে তিনি রিমান্ডে পরিকল্পনাকারী এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে মুখ খোলেননি।
আদালত সূত্র বলেছে, দ্বিতীয় দফায় রিমান্ড শেষে গতকাল মতিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. জিহাদ হোসেন আদালতে মতিনের জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন। কিন্তু মতিন মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনানের কাছে গিয়ে জবানবন্দি দিতে অস্বীকার করেন। পরে তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মতিনকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে মতিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিজার হত্যা মামলায় মতিনসহ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন তামজিদ আহম্মেদ রুবেল, মিনহাজুল আরেফিন রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও রাসেল চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা বর্তমানে কারাগারে আছেন। গত ২৫ অক্টোবর এই চারজনকে গ্রেপ্তার করে ডিবি।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজারকে (৫০) গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা দুই তরুণকে গুলি চালিয়ে অপেক্ষমাণ এক ব্যক্তির মোটরসাইকেলে করে পালাতে দেখেছেন। সিজার নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।