মতিন আরও পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় রিমান্ডে থাকা এম এ মতিনকে গতকাল শুক্রবার আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মতিন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই।
সিজার তাবেলা হত্যা মামলায় ৪ নভেম্বর মতিনকে গ্রেপ্তার দেখানোর পর তাঁকে প্রথম দফায় আট দিনের রিমান্ডে নেয় ডিবি। ওই রিমান্ড শেষে গতকাল তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম। তিনি বলেন, প্রথম দফায় রিমান্ডে থাকাকালে মতিন হত্যাকাণ্ডের বিষয়ে অসংলগ্ন ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। এ কারণে তাঁকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।
এম এ মতিন প্রথম দফায় রিমান্ডে থাকাকালে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, মতিন টাকা দিয়ে খুনি ভাড়া করার কথা স্বীকার করলেও পরিকল্পনাকারী ও হত্যায় আর কারা জড়িত সে বিষয়ে মুখ খুলছেন না।
সিজার তাবেলা হত্যা মামলায় মতিনসহ এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে চারজন তামজিদ আহম্মেদ রুবেল, মিনহাজুল আরেফিন রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও রাসেল চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই চারজন বর্তমানে কারাগারে আছেন। গত ২৫ অক্টোবর এই চারজনকে গ্রেপ্তার করেছিল ডিবি।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজার তাবেলাকে (৫০) গুলি করে হত্যা করা হয়।