মতিন ফিরলেন, তবে কফিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার দুপুরে বাড়ি এসে খাবার নিয়ে গিয়েছিলেন আবদুল মতিন। রাতে বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্ত্রী তানজিলা খাতুন ফোন দিলে বলেছিলেন, ‘এখন বাড়ি আসতে পারব না। জঙ্গি আস্তানায় ডিউটি পড়েছে। দুপুরে এসে একসঙ্গে খাব।’

দুপুর হয়। অপেক্ষায় প্রহর কাটে স্ত্রী-সন্তানদের। বেলা গড়িয়ে সন্ধ্যা নামে। অবশেষে বাড়ি ফিরলেন মতিন। কাফনে মুড়িয়ে কফিনে করে সহকর্মীরা তাঁকে পৌঁছে দিলেন বাড়িতে। স্ত্রী, সন্তান, স্বজনদের বুকফাটা আর্তনাদ আর চাপা কান্নায় ভারী হয়ে উঠল পরিবেশ। এরপর থেকে তাঁর বাড়িতে চলছে মাতম।

আবদুল মতিন (৪১) ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর গোদাগাড়ী স্টেশনের ফায়ারম্যান। বৃহস্পতিবার গোদাগাড়ীর বেনীপুর গ্রামে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান পরিচালনাকালে তিনি নিহত হন।

ফায়ার সার্ভিসের একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ও বুলেটপ্রুফ জ্যাকেট ছাড়াই ফায়ারম্যান মতিনকে পানি ছিটানোর কাজে লাগিয়েছিল। নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় তাঁকে প্রাণ দিতে হলো। তবে পুলিশের দাবি, জঙ্গিদের আত্মঘাতী বোমার স্প্লিন্টারে আহত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

মতিনের বাড়ি গোদাগাড়ীর মাটিকাটা গ্রামে। পিতা মৃত এহসান আলী। মতিনের ছোট ভাই শাহিন আলম বলেন, তাঁরা পাঁচ ভাই, এক বোন। বোন সবার বড় এবং ভাইদের মধ্যে মতিন সবার বড়। মতিনের একমাত্র মেয়ে জেসমিন আরা নবম শ্রেণিতে এবং একমাত্র ছেলে মারুফ ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তিনি বলেন, ‘আমরা খুব গরিব ঘরের সন্তান। মতিন ভাইয়ের জমিজমা বলতে কিছু নেই। প্রায় ২০ বছর চাকরি করে গ্রামে একটা একতলা বাড়ি করতে পেরেছেন। ছেলে-মেয়ে দুটির এখন কী হবে, আল্লাহই জানে।’

আবদুল মতিন নিহত হওয়ার খবর শুনে ঢাকা থেকে রাজশাহী আসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স) এ কে এম শাকিল নেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি প্রথম আলোকে বলেন, গোদাগাড়ীতে অভিযানে পুলিশ সহযোগিতা চাইলে ফায়ার সার্ভিসের লোক পাঠানো হয়। নিকট দূরত্বে যাওয়ার কথা নয় বলে ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট দূরত্বে ছিলেন। একপর্যায়ে অভিযানের পরিকল্পনা অনুযায়ী ফায়ার সার্ভিসের কর্মীদের একটি মাটির দেয়াল পানি দিয়ে ফুটো করতে বলা হয়। এতে তাঁরা কাছে গিয়ে কাজ শুরুর একপর্যায়ে জঙ্গিরা বেরিয়ে এসে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ফায়ার সার্ভিসের দুই সদস্য সরে যেতে সমর্থ হলেও মতিন পড়ে যান। জঙ্গিরা তাঁর মাথায় বেশ কয়েকটি কোপ দেয়। তিনি বলেন, ‘তাঁর শরীরে দেখলাম স্প্লিন্টারের দাগ। আমার মনে হয়, প্রতিরোধব্যবস্থা থাকলে এমনটা হতো না।’

মর্গে মতিনের লাশ নিতে এসেছিলেন তাঁর মামা নুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের ছেলে একটি মহান অপারেশনে গিয়েছিল। একটাই আক্ষেপ, অপারেশনে কিছু ত্রুটি লক্ষ করেছি। একজন ফায়ারম্যান সামনে থাকল, তার কাছে নিজের নিরাপত্তার জন্য অস্ত্র ছিল না। সেখানে একটা মেডিকেল টিমও ছিল না। বড় দুঃখ, প্রাথমিক চিকিৎসাও পেল না।’ এরপর থেকে এ ধরনের অভিযানে শক্ত নিরাপত্তাব্যবস্থা এবং মেডিকেল টিম রাখার দাবি জানান তিনি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স) শাকিল নেওয়াজ বলেন, ‘এ ঘটনায় শিক্ষণীয়, এ ধরনের অপারেশনে আরও পরিকল্পনা, প্রস্তুতি ও সমন্বয় থাকা উচিত। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু জীবন দিয়ে এভাবে শেখা, আমি এটা কখনোই চাই না।’ মতিনের পরিবারকে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁর পরিবারের সদস্যরা যেন বিপাকে না পড়ে, সেই ব্যবস্থা সবাইকে করতে হবে। ইতিমধ্যে পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহযোগিতার ঘোষণা এসেছে।

পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, জঙ্গিদের বোমার স্প্লিন্টারে ফায়ারম্যান আবদুল মতিন মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল চারটায় রাজশাহী মেডিকেল কলেজ মর্গে লাশের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘মতিনের মাথায় ধারালো অস্ত্রের দুটি কোপের চিহ্ন ছিল। শরীরের বিভিন্ন জায়গা স্প্লিন্টারের আঘাতে পুড়ে যাওয়ার মতো হয়েছিল। পিঠে সবচেয়ে বেশি স্প্লিন্টার ছিল। তাতে বোঝা যায়, তাঁর পেছনে বোমার বিস্ফোরণ হয়েছিল।’

ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে মতিনের প্রথম জানাজার নামাজ হয়। এরপর তাঁর লাশ গোদাগাড়ীতে নিজ বাড়িতে নেওয়া হয়। রাত আটটায় মহিশালবাড়ী গোরস্থানে জানাজা শেষে লাশ দাফন করা হয়।

ফায়ার সার্ভিসের রাজশাহীর উপপরিচালক নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় তাঁকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। তিনি বলেন, ‘আমরা মতিনের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখব। কীভাবে তাঁর মৃত্যু হলো, এর জন্য কেউ দায়ী কি না, তা খতিয়ে দেখে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করব বলে আশা করছি।’