মতিন হত্যার বিচার চাইতে এসে মূর্ছা যান স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী হত্যার বিচার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাতে এসে মূর্ছা যান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইশদিয়া গ্রামের পান-সুপারির ব্যবসায়ী আবদুল মতিনের স্ত্রী নুরতাজ বেগম। গতকাল বুধবার পৌরসভার 

মেয়রের কার্যালয়ে জনপ্রতিনিধিদের সামনে এ ঘটনা ঘটে।

৩ আগস্ট রাইজদিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আদমপুর বাজারের পান-সুপারির ব্যবসায়ী আবদুল মতিন তাঁর বাড়ির সামনে সড়কের পাশে খড়ের গাদা তৈরি করছিলেন। সোনারগাঁ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর রহমান সাদাপোশাকে মোটরসাইকেলে যাওয়ার পথে মতিনকে ধাক্কা দেন। এর প্রতিবাদ করায় তাঁরা মতিনকে পানিতে চুবিয়ে হত্যা করেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠলে এএসআই পালিয়ে যান। কিন্তু গণপিটুনিতে কনস্টেবল আরিফুর নিহত হন।

এ ঘটনার পরদিন কর্তব্যে অবহেলার অভিযোগে এএসআই ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশের পক্ষ থেকে গঠন করা হয় দুটি তদন্ত কমিটি।

গতকাল দুপুরে সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন, পৌর মেয়র সাদেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা মেয়রের কার্যালয়ে সভা করেন। একপর্যায়ে মতিনের স্ত্রী নুরতাজ বেগম তিন মেয়ে শিউলি আক্তার, রিতু আক্তার ও লিমা আক্তারকে নিয়ে ওই কক্ষে ঢুকে পড়েন। নুরতাজ সবার কাছে স্বামী হত্যার বিচার চান। এ সময় তিনি ও তাঁর মেয়েরা কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে নুরতাজ মূর্ছা যান।

এ সময় সাংসদ লিয়াকত হোসেন ও পৌর মেয়র সাদেকুর রহমান পুরো বিষয়টি নিয়ে তাঁরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন।

কনস্টেবল আরিফুর হত্যার এ ঘটনায় সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন তালুকদার বাদী হয়ে মতিনের চার ভাই আবদুল বাতেন, আবু দাইয়ান, দিলীপ মিয়া, আদিল মিয়া, তাঁদের ভগ্নিপতি গোলাম রব্বানী, মতিনের একমাত্র ছেলে সোনারগাঁ কলেজের ছাত্র জুবায়ের হোসেনসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন।

মতিনের স্ত্রী নুরতাজ বেগম বলেন, ‘পুলিশ বিনা অপরাধে আমার স্বামীকে হত্যা করল। আবার পুরো পরিবারের বিরুদ্ধে মামলা করল। পুলিশের বিরুদ্ধে আমরা থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।’

সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদার বলেন, পুলিশ হত্যার সঙ্গে মতিনের পরিবারের সদস্যরা কেউ জড়িত না থাকলে মামলার অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে। তিনি আরও বলেন, এ ঘটনার পর গঠিত দুটি তদন্ত কমিটিই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।