নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামটি আকারে খুব বড় নয়। প্রবহমান মেঘনার গা ঘেঁষে গড়ে ওঠা গ্রামটি চারপাশের অন্য গ্রামের চেয়ে কিছুটা হলেও আলাদা। গ্রামটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের গ্রাম। রামনগরের বাসিন্দারা নিজেদের মতিনগরের বাসিন্দা বলে পরিচয় দিতেই পছন্দ করে।আজ ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী।২০০৮ সালের ৩১ মার্চ গ্রামে নির্মাণ করা হয় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর ও গ্রন্থাগার। জেলা পরিষদ গ্রন্থাগারটি তত্ত্বাবধান করছেন। গত বুধবার ওই গ্রামে যান এই প্রতিবেদক। গ্রন্থাগারে বিভিন্ন বয়সী লোকজনকে বই পড়তে দেখা যায়। আগন্তুকরা জানালেন, প্রায় সব সময়ই গ্রন্থাগারটি সরব থাকে। তুহিন আহমেদ নামের এক পাঠক বলেন, ‘আমরা মনে করি গ্রন্থাগারে যা বই আছে, তা দিয়ে আমাদের চাহিদা মোটামুটি মিটে যাচ্ছে। কিন্তু সমস্যা হলো গ্রন্থাগারের সঙ্গে জাদুঘর লেখা থাকলেও এখানে জাদুঘরের কিছু নেই। এ কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন হতাশ হয়ে ফিরে যান।’ আবুল কালাম নামে আরেক পাঠক বলেন, গ্রন্থাগারটি যদি রাত আটটা পর্যন্ত খোলা রাখা যেত, তাহলে লোকজন উপকৃত হতো বেশি। পাঠকও বাড়ত। তাঁরা দুজনই গ্রামের নাম মতিনগর করার দাবি জানান। গ্রন্থাগারিক আকলিমা বেগম জানালেন, গ্রন্থাগারটিকে ঘিরে নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ে আগ্রহ বাড়ছে। এতে মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের পাশাপাশি বিভিন্ন প্রকারের দুই হাজার ৮০০ বই রয়েছে। প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন পাঠক গ্রন্থাগারে বসে বই পড়ছে। গ্রন্থাগারিক বলেন, দুজন লোক দিয়ে চালানো হচ্ছে বড় এই গ্রন্থাগারটি। তা ছাড়া শুরুতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে দুই বছরের মধ্যে চাকরি স্থায়ীকরণের কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন করা হচ্ছে না। মতিউর রহমানের ভাতিজা নান্নু রহমান জানান, ‘আমাদের গ্রামের মানুষ এখন রামনগরের চেয়ে গ্রামের পরিচয় মতিনগর দিতেই বেশি পছন্দ করে। সবাই এখন নামকরণের সরকারি ঘোষণা শোনার অপেক্ষায় আছে।’বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মতিউর রহমান স্বাধীন দেশে উড়তে চেয়েছিলেন। স্বাধীন দেশের স্বপ্ন দেখতেন। সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান বৃদ্ধি পেলে তাঁর আত্মা শান্তি পাবে।