
রাজধানীর গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেলা (৫১) হত্যা মামলায় গ্রেপ্তার করা আরেকজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার জবানবন্দি দেন শাখাওয়াত হোসেন ওরফে শরীফ।
জবানবন্দিতে শাখাওয়াত বলেছেন, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম ওরফে কাইয়ুম কমিশনারের ছোট ভাই এম এ মতিনের কাজ করতেই ভাগনে রাসেলকে (মিনহাজুল আরেফিন) তিনি মোটরসাইকেল দিয়েছিলেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র এসব কথা বলেছে।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে শাখাওয়াত স্বীকারোক্তিমূলক এই জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে রোববার একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল। আদালত সূত্র বলেছেন, জবানবন্দিতে ভাগনে রাসেল বলেছেন, এম এ মতিনের নির্দেশে সিজার তাবেলাকে হত্যা করেছেন। এ কাজের বিনিময়ে মতিন পাঁচ লাখ টাকা দেওয়ার অঙ্গীকার করেছিলেন। এ মামলায় গ্রেপ্তার করা চারজনের মধ্যে গতকাল পর্যন্ত তিনজন জবানবন্দি দিলেন। ২৬ অক্টোবর জবানবন্দি দেন তামজিদ আহম্মেদ ওরফে শুটার রুবেল। গ্রেপ্তার করা অপর আসামি চৌধুরী রাসেল ওরফে চাক্কী রাসেল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন। গত ২৬ অক্টোবর তাঁর ও শাখাওয়াতের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে ফুটপাতে সিজার তাবেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সিজারকে গুলি করার পর তিনজন মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও একটি সাদা রঙের মোটরসাইকেল আটক করে।
আদালত সূত্র বলেছে, গতকাল আদালতে দেওয়া জবানবন্দিতে শাখাওয়াত বলেছেন, ভাগনে রাসেল এলাকার ভাই। তাঁরা একই সঙ্গে ইয়াবা বড়ি সেবন করতেন। ভাগনে রাসেল মাঝেমধ্যেই তাঁর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে যেতেন। ঘটনার দিন বিকেলে দুই ঘণ্টার জন্য ভাগনে রাসেল তাঁর কাছে মোটরসাইকেল চান। মোটরসাইকেলের নিবন্ধন নম্বর না থাকায় প্রথমে তিনি দিতে রাজি হননি। এতে ভাগনে রাসেল তাঁকে বলেন, কমিশনার কাইয়ুম ভাইয়ের ছোট ভাই মতিন ভাইয়ের একটা কাজ করে দিতে হবে। এ জন্য মোটরসাইকেল প্রয়োজন। মতিন ভাইয়ের কথা বলায় তিনি মোটরসাইকেল দেন। কিন্তু দুই ঘণ্টা পরও মোটরসাইকেল ফেরত না দেওয়ায় তিনি কয়েকবার ভাগনে রাসেলের কাছে ফোন দেন। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল ফেরত দেন।