মতিনের পাখিসেবা

শিকারি পাখি থেকে মাছ বাঁচাতে চাষিরা পানির ওপর জাল পাতেন। সেই জালে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়ে পাখি। তখন ওদের দেখার কেউ থাকে না। খুঁজে খুঁজে সেসব পাখিকে চিকিৎসা দেন শিক্ষক মতিন সৈকত।
পাখি প্রকৃতির অকৃত্রিম বন্ধু। জীবে সেবা দেওয়াও তো মহৎ কাজ—এমন চিন্তা থেকেই মতিন সৈকত দীর্ঘদিন ধরে কাজটি করছেন। বাড়ি তাঁর কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামে।
গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দাউদকান্দির সর্বত্র প্লাবন ভূমিতে মাছের চাষ হয়। তবে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের আদমপুর গ্রামটি মৎস্যগ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। ১৯৮৬ সালে গোমতী নদীতে বন্যামুক্ত বেড়িবাঁধ নির্মাণের পর উপজেলার ধানূয়াখোলাসহ আশপাশের গ্রামগুলোতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ধানচাষ ব্যাহত হয়। পরে কৃষকেরা বৃষ্টির পানিতে মাছ চাষ শুরু করেন। এতে তাঁরা লাভবান হন। এভাবে প্লাবন ভূমিতে মাছচাষের সূত্রপাত ঘটে। একই জমিতে বর্ষা মৌসুমে মাছচাষ এবং শুকনা মৌসুমে ধানচাষে কৃষকদের দ্বিগুণ লাভ হয়। আর প্লাবন ভূমির মাছ খাওয়ার নেশায় এ এলাকায় বিভিন্ন প্রজাতির পাখির ব্যাপক আনাগোনা।
তবে পাখি যাতে মাছ শিকার করতে না পারে সে জন্য চাষিরা পুকুর বা প্লাবন ভূমির চারপাশ সুতা ও জাল দিয়ে ঢেকে রাখেন। সে ফাঁদে মাঝেমধ্যেই দু-চারটি পাখি আটকা পড়ে। জালে বহু সময় আটকে থাকার পর পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে। সেই পাখিদের উদ্ধারের জন্য ছুটে বেড়ান মতিন। তিনি স্থানীয় তীরচর আতিকিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলার শিক্ষক।
সরেজমিনে দেখা গেছে, বাড়ির পাশের পুকুরে মাছ শিকার করতে এসে তিনটি শঙ্খচিল ও একটি বক সুতায় আটকা পড়ে। মতিন সেই পাখিগুলোকে উদ্ধার করেন। এরপর চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। পরে ছেড়ে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পাখির সেবা করে মতিন সৈকত আনন্দ পান। মতিন একাধারে মাদ্রাসার শিক্ষক, উপজেলার ১৫৪টি আইপিএম-আইসিএম (বালাই ও শস্য ব্যবস্থাপনা) ক্লাবের সভাপতি, কৃষক এবং প্লাবন ভূমির মাছচাষি। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ পাখির সেবা করে আসছেন।
মতিন বলেন, ‘পাখি পরিবেশের অনন্য বন্ধু। এরা জমির পোকা-মাকড় খেয়ে অনেক উপকার করে। অন্যদিকে পাখির বিষ্ঠাও জমির জন্য উপকারী। এ জন্য পাখির বসার সুবিধার্থে আমরা জমি এবং মৎস্য প্রকল্পে বাঁশ-ডালা পুঁতে দিই।’ আর জালে আটকে পড়া অসুস্থ পাখি না ধরে সেবা ও চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার আহ্বানও জানান তিনি।
স্থানীয় লক্ষ্মীপুর গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান ও পুটিয়া গ্রামের কৃষক ফারুক শিকদার বলেন, জালে বা অন্য কোথাও আটকে পড়া পাখিদের সুস্থ করার কাজ মতিন সৈকত নিয়মিত করে যাচ্ছেন।
কুমিল্লার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা বেগম বলেন, মতিন সৈকতের কাজটি সত্যিই প্রশংসনীয়।