মতিয়া চৌধুরী 'লোকাল পত্রিকা' আগে পড়েন
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দিন শুরু করেন ‘লোকাল পত্রিকা’ পড়ে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ সেলিমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
সাংসদ সেলিম প্রশ্ন করেন, একশ্রেণীর অসত্ ব্যবসায়ী ভেজাল বীজ আমদানি করেন। এতে কৃষকেরা প্রতারিত হতেই থাকেন। অসত্ ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না? তাঁর দ্বিতীয় প্রশ্নটি ছিল, অনেক ব্যবসায়ীর সারের চালান বিভিন্ন ঘাটে আটকে থাকে। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো উদ্যোগ সরকার নেবে কি না?
উত্তরে মতিয়া চৌধুরী বলেন, তিনি ‘ন্যাশনাল ডেইলি’ পড়ার আগে লোকাল পত্রিকা পড়েন। কারণ আঞ্চলিক পত্রিকায় এসব খবর বেরোয়। তিনি তাঁর মন্ত্রণালয়ের লোকদের নির্দেশ দিয়েছেন, প্রথমে আঞ্চলিক পত্রিকা ও জাতীয় পত্রিকার কৃষিসংক্রান্ত খবরের ক্লিপিং ও পরে জাতীয় খবরের ক্লিপিং দিতে। মতিয়া বলেন, বরেন্দ্র অঞ্চলে টমেটো বীজে ভেজালের খবর বেরোনোর পর তাঁর মন্ত্রণালয় সিনজেন্টার বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
সাংসদ সেলিমের দ্বিতীয় প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, সরকার কৃষি ও কৃষকের স্বার্থে কাজ করবে। যারা খারাপ সার আনছে ও যারা সার ঢোকার অনুমতি দিচ্ছে, তারা সবাই দোষী। সরকার কৃষি ও কৃষকের স্বার্থে থাকবে। সরকার দাতব্য সংস্থা নয়, হাতেম তাইও নয়, অসত্ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।