কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাঁর ব্যাখ্যা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে এ জন্য তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে না।বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম গত ২৯ আগস্ট মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেন।গতকাল এই আবেদনের শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী এহসান সিদ্দিক। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলেন, এ বিষয়ে মতিয়া চৌধুরীর যদি কোনো ব্যাখ্যা থাকে, তবে তা জানা প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল কৃষিমন্ত্রীকে ব্যাখ্যা দেওয়ার সময় দিয়ে ১৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।এর আগে ২৭ আগস্ট একই ট্রাইব্যুনাল জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে তাঁর ব্যাখ্যা জানতে চান। ব্যাখ্যা দেওয়ার জন্য তাঁকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়।