দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুর-২ আসনে (নকলা-নালিতাবাড়ী) আওয়ামী লীগের দুই পক্ষের লোকজন মেতে উঠেছেন নির্বাচনী প্রচারণায়। তাঁরা শীত ও কুয়াশা উপেক্ষা করে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী (নৌকা)। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি বদিউজ্জামান বাদশা (আনারস)।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, এই আসনে দুটি পৌরসভাসহ মোট ২১টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন তিন লাখ চার হাজার ৩০৩ জন। মতিয়া চৌধুরী এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। প্রতিবারই বদিউজ্জামান আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি। এবার তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে দুই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে দুই প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান, নকলা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান মতিয়া চৌধুরীর পক্ষে নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।
অপরদিকে সাবেক সাংসদ ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক মেয়র মিজানুর রহমান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমজাদ সরকার ও সিরাজ উদ দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মোক্তারুজ্জামান, মোক্তার হোসাইন, আসাদুজ্জামান, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল বদিউজ্জামানের পক্ষে নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন। দুই প্রার্থীর পক্ষে প্রতিদিন চলছে মিছিল ও সভা-সমাবেশ।
বদিউজ্জামানের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার গোলাম ফারুক বলেন, মতিয়া চৌধুরী দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তাই নকলা-নালিতাবাড়ীর জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছেন। আগামী নির্বাচনে জনগণ বদিউজ্জামানকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করবেন।
মতিয়া চৌধুরীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মোখছেদুর রহমান বলেন, ‘নৌকার জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। এলাকায় মতিয়া আপার উন্নয়নের কাছে কোনো বিরোধ কাজে লাগবে না।’