মতিয়ার নির্বাচনী সভা বানচালের অভিযোগে যুবক গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্বাচনী পথসভা বানচালের অভিযোগে গত রোববার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম ফারুকুজ্জামান ওরফে ফারুক (৩৭)। তিনি নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক।
রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য ফারুকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে তাঁর পরিবার দাবি করেছে। মতিয়া চৌধুরী এবারও শেরপুর-২ (নালিতবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার কাপাসিয়া এলাকায় মতিয়া চৌধুরীর নির্বাচনী পথসভার স্থান থেকে পুলিশ ফারুকুজ্জামানকে আটক করে। গতকাল সোমবার দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
ফারুকের বাবা মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন বলেন, ‘আমার ছেলে নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন না করায় নেতাদের পরামর্শে পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।